২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসে গেছে আরো একটি ‘এল ক্লাসিকো’

আরো একটি ‘এল ক্লাসিকো’ উপভোগের জন্য ফুটবল প্রেমীদের অধীর অপেক্ষার অবসান হচ্ছে বুধবার। ওই দিন ‘কোপা দে রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। খেলা হবে রিয়ালের মাঠ ‘সান্টিয়াগো বার্নাব্যু’তে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2012, 04:09 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আরো একটি ‘এল ক্লাসিকো’ উপভোগের জন্য ফুটবল প্রেমীদের অধীর অপেক্ষার অবসান হচ্ছে বুধবার। ওই দিন ‘কোপা দে রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। খেলা হবে রিয়ালের মাঠ ‘সান্টিয়াগো বার্নাব্যু’তে। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এই মৌসুমে দুর্দান্ত খেলছে। লিগে চিরপ্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে আছে ৫ পয়েন্টে। তবে ‘এল ক্লাসিকো’তে কেনো যেন খোলস-বন্দি হয়ে পড়েন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। এ পর্যন্ত ১২টি ‘এল ক্লাসিকো’তে রিয়ালের জয় মাত্র একটি, গত বছর কোপা দেল রে’র ফাইনালে। ক্রিস্টিয়ানো রোনালদোর অতিরিক্ত সময়ের একমাত্র গোলে ওই ম্যাচ জেতে রিয়াল। আর হেরেছে আটিতে। ড্র হয়েছে বাকি তিনটি ম্যাচ। গত মাসে লা লিগার ম্যাচে সর্বশেষ বার্সেলোনার মুখোমুখি হয়েছিলো রিয়াল। নিজেদের মাঠে কি দুর্দান্তই না শুরু করেছিলো হোসে মরিনহোর দল। মাত্র ২৩ সেকেন্ডে (যা ‘এল ক্লাসিকো’র দ্রুততম গোল) করিম বেনজেমা গোল করে রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ৩-১ এর হার নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। বার্সেলোনার বিপক্ষে রিয়ালের প্রধান অস্ত্র ক্রিস্টিয়ানো রোনালদোকে মাঠে চেনা না গেলেও প্রতিপক্ষের মাঠে বার্সার মূল ভরসা লিওনেল মেসি কিন্তু সব সময়ই অসাধারণ খেলেন। ‘সান্টিয়াগো বার্নাব্যু’তে ছয়টি ম্যাচের পাঁচটিতেই গোল করেছেন মেসি। একমাত্র সর্বশেষ ম্যাচেই তিনি গোল করতে পারেননি। কিন্তু দুইটি গোলের উৎস ছিলেন মেসি। বরখাস্ত হওয়ায় এই ম্যাচে আলভেরো আরবেলোয়াকে পাচ্ছেন না রিয়াল কোচ মরিনহো। তার বদলে রাইট ব্যাক হিসেবে মাঠে নামতে পারেন ফ্যাবিও কোয়েন্ত্রাও। এদিকে গোঁড়ালির চোটের কারণে নেই স্যামি খেদিরা।অনিশ্চিত ডিফেন্ডার পেপেও। চোট সমস্যা আছে বার্সেলোনাতেও। তবে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মাঠেই পাচ্ছেন বার্সা কোচ পেপ গার্দিওলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৪৬ ঘ.