ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এডিন জেকোর একমাত্র গোলে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগে সোমবার তালিকার সবচেয়ে নিচের দল উইগান অ্যাথলেটিকের বিপক্ষে ঘাম ঝরানো জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে দুই নম্বরে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে লিগ শীর্ষে ম্যান সিটি।
২১ খেলায় ম্যান সিটির পয়েন্ট ৫১। সমান খেলায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যান ইউ’র পয়েন্ট ৪৮।
খেলার ২২ মিনিটে বসনিয়ার জেকো হেড থেকে গোলটি করেন। সিটির হয়ে এই মৌসুমে জেকোর এটি পঞ্চদশ গোল। যদিও পুরো খেলায় আরো বেশ কয়েকটি গোলের সুযোগ পেয়েছিলো ম্যান সিটি। কিন্তু উইগান গোলরক্ষক আলী আল হাবসির দৃঢ়তায় আর গোল পায়নি তারা।
ম্যাচ শেষে ‘স্কাই স্পোর্টস’কে জেকো বলেন, “শেষ দিকে আমার আরো একটি বা দুইটি গোল পাওয়া উচিৎ ছিলো। কিন্তু তিন পয়েন্ট নিয়েই আমি সন্তুষ্ট। কারণ এটা খুব কঠিন খেলা ছিলো এবং উইগান খেলোয়াড়রা সত্যিই খুব ভালো খেলেছে।”
“দলের জয়ে সাহায্য করতে পেরে আমি খুশি। ফুটবলে কখনো আপনি গোল করতে পারবেন, কখনো পারবেন না। কিন্তু আমি আজ (সোমবার) দারুণ খুশি,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭২৯ ঘ.
bdnews24