ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বিজেএমসি। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম কোয়ার্টার ফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এমএফএসকে।
ফেডারেশন কাপ দিয়েই ২৭ বছর পর ঢাকার ফুটবলে ফেরা বিজেএমসির জয়ের নায়ক নাইজেরীয় স্ট্রাইকার আজাগুন আব্দুল রশিদ। তার জোড়া গোলেই মৌসুমের প্রথম টুর্নামেন্টের শেষ চারে ওঠার আনন্দে বিভোর দলটি।
বিজেএমসির তিনটি গোলেরই জন্ম প্রথমার্ধে। ১৭ মিনিটে রশিদের গোল এগিয়ে দিয়েছে বিজয়ীদের। আলফাজের ক্রস থেকে রশিদের শট রহমতগঞ্জের গোলরক্ষক শাকিলের হাত ফস্কে বেরিয়ে আসে। ফিরতি শটে গোল করেন রশিদ (১-০)।
ব্যবধান দ্বিগুণ হতেও বেশিক্ষণ লাগেনি। ২৯ মিনিটে আবুলের ক্রস থেকে গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার দুর্দান্ত হেড ২-০ গোলে এগিয়ে দেয় বিজেএমসিকে।
বিরতির মিনিট চারেক আগে আবার গোল। প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ভেতর ঢুকে পড়া বাঙ্গুরা পাস দেন রশিদকে। রশিদের প্লে¬সিং শটে নিশ্চিত হয়ে যায় বিজেএমসির জয় (৩-০)।
দ্বিতীয়ার্ধে অবশ্য একটি গোল শোধ করেছে রহমতগঞ্জ। ৭৭ মিনিটে বদলি খেলোয়াড় মাসুমের ক্রস বিজেএমসির ডিফেন্ডার আশরাফুল বিপদমুক্ত করতে ব্যর্থ হলে আলতো শটে গোল করেন উগান্ডার স্ট্রাইকার ইদ্রিস কাসিরি।
সহজ জয় পেলেও বিজেএমসির কোচ জাকারিয়া বাবু তার দলের খেলায় সন্তুষ্ট নন। তিনি বলেন, “প্রথমার্ধে তিন গোল পেয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধে দলের মধ্যে একটু ঢিলেঢালা ভাব ছিলো। তাই একটি গোল খেতে হয়েছে। এ কারণে বিরতির পর আর গোল করতে পারিনি।”
“শুরু থেকেই প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ার লক্ষ্য ছিলো আমাদের। লক্ষ্যটা পূরণ হলেও আমাদের দল ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি,” যোগ করেন তিনি।
অন্যদিকে রহমতগঞ্জের কোচ মাহমুদুল হক লিটন বিজেএমসির ব্যবস্থাপক আরিফ খান জয়ের উদ্ধত আচরণ এবং বিতর্কিত রেফারিংয়ের সমালোচনা করেন। ম্যাচশেষে তিনি বলেন, “রেফারি জালালউদ্দিন বিজেএমসির কোচ জাকারিয়া বাবুর বন্ধু। তাই রেফারির অনেক সিদ্ধান্ত বিজেএমসির পক্ষে গেছে। মাঠে দাঁড়িয়ে জয় অনেক অশোভন আচরণও করেছেন। যা ছিলো ভীষণ দৃষ্টিকটু।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮০৮ঘ.
bdnews24