ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দল হিসেবে গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। সোমবার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে তারা টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়েছে ফরাশগঞ্জকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়শেষে ১-১ গোলে অমীমাংসিত ছিলো।
সেমিফাইনালে মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী বিজেএমসি। শুক্রবার বিকেল ৪টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুদল।
মুক্তিযোদ্ধা জিতলেও ফরাশগঞ্জ কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিলো তাদের। মুক্তিযোদ্ধার ফরোয়ার্ডরা যেমন একাধিক সুযোগ নষ্ট করেছেন তেমনি ডিফেন্সও ছিলো নড়বড়ে।
৫০ মিনিটে মিঠুন চৌধুরীর গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। এমিলির ক্রস ফরাশগঞ্জের গোলরক্ষক ফিরিয়ে দিলেও মিঠুনের হেড তার পক্ষে ফেরানো সম্ভব হয়নি (১-০)।
৮৪ মিনিটে সমতা ফেরায় ফরাশগঞ্জ। পাল্টা আক্রমণ থেকে পুরনো ঢাকার দলটির গোলের জন্ম। পাশবন মোল্ল¬ার আড়াআড়ি পাস ধরে মাটিঘেঁষা শটে ম্যাচে সমতা নিয়ে আসেন কঙ্গোর স্ট্রাইকার সিও জুনাপিও। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় টাইব্রেকারের ‘লটারি’র শরণাপন্ন হতে হয় দুদলকে।
টাইব্রেকারে মুক্তিযোদ্ধার কেউ ব্যর্থ হননি। আজমল হোসেন বিদ্যুৎ, শাকিল আহমেদ, লিমা ডি সুজা, মিঠুন চৌধুরী ও সানডে সিজোবার শট আশ্রয় নিয়েছে প্রতিপক্ষের জালে। ফরাশগঞ্জের পক্ষে মারিও ডেভিস, পাশবন মোল্ল¬া ও মোহাম্মদ সাব্বির সফল হলেও গোল করতে ব্যর্থ হন রাজীব। তাই সেমিফাইনালে ওঠার আনন্দে মেতে ওঠে মুক্তিযোদ্ধা।
এভাবে জিতে অবশ্য মোটেও খুশি নন মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক। ম্যাচশেষে তিনি বলেন, “আমরা নির্ধারিত সময়েই সহজে জিততে পারতাম । কিন্তু স্ট্রাইকাররা অনেক ভুল করায় কষ্ট করে জিততে হয়েছে।”
বিদায় নিলেও ফরাশগঞ্জের কোচ কামাল বাবু তার দলের খেলায় সন্তুষ্ট। তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি ভালো খেলার। খেলোয়াড়রা নিজেদের উজাড় করে দিলেও জিততে পারিনি। আসলে প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিলো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪২ঘ.
bdnews24