২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাসের ড্র, ইন্টারের কাছে মিলানের হার

কালিয়ারির সঙ্গে জুভেন্টাস ১-১ গোলে ড্র করার পর এসি মিলান সুযোগ পায় সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার। কিন্তু সে সুযোগ কেড়ে নেয় ইন্টার মিলান। দিয়েগো মিলিতোর গোলে তার দল জেতে ১-০ ব্যবধানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কালিয়ারির সঙ্গে জুভেন্টাস ১-১ গোলে ড্র করার পর এসি মিলান সুযোগ পায় সেরি আ’র পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার। কিন্তু সে সুযোগ কেড়ে নেয় ইন্টার মিলান। দিয়েগো মিলিতোর গোলে তার দল জেতে ১-০ ব্যবধানে। সান সিরোতে প্রথমার্ধের জমজমাট খেলায় গোলের একাধিক সুযোগ পায় মিলান। এর মধ্যে প্রথমার্ধের যোগ করা সময়ে মার্ক ভ্যান বোমেলের শট ফিরে আসে ক্রসবার কাঁপিয়ে। কিন্তু ৫৪ মিনিটে মিলিতোর গোলে এগিয়ে যাওয়ার পর ভালভাবেই ঘর সামাল দেয় ইন্টার। ফলে মিলান ডার্বিতে টানা চতুর্থ জয়ের মুখ দেখা হলো না এসি মিলানের। দুঃস্বপ্নের মতো মৌসুম শুরু করেছিল ইন্টার। কিন্তু এবার নিয়ে টানা ছয় খেলায় জিতে শীর্ষ দল জুভেন্টাসের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমিয়ে এনেছে অনেকখানি। ১৮ খেলায় ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। মিলানের পয়েন্ট ৩৭। আর ৩২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে ইন্টার। খেলা শেষে ইন্টার কোচ ক্লদিও রানিয়েরি বলেন, “ডার্বিতে জেতা সব সময় আনন্দের। মিলানকে হারানো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। এই জয়ের ফলে আমাদের আস্থাও অনেক বেড়ে গেছে।” নিজেদের মাঠ জুভেন্টাস অ্যারেনায় খেলার সাত মিনিটে মিরকো ভুসিনিচের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু কালিয়ারিকে খেলায় ফেরান আন্দ্রেয়া কসু ৪৮ মিনিটে। দিনের অন্যান্য খেলায় লাৎসিও ২-০ গোলে আটলান্টাকে, সেসনা ৩-১ গোলে নোভারাকে, শিয়েভো ১-০ গোলে পালের্মোকে, লেস ১-০ গোলে ফিওরেন্টিনাকে, জেনোয়া ৩-২ গোলে উদিনেসকে ও পার্মা ৩-১ গোলে সিয়েনাকে হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪২৬ ঘ.