২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্যই বার্সার ত্রাতা!

রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার ত্রাতা হয়ে ওঠে ভাগ্য! দুই গোলে এগিয়ে গিয়েও দশজনের রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগায় সহজে জিততে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত ভাগ্যই পেপ গার্দিওলার দলকে জিতিয়ে দেয় ৪-২ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 05:17 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল বেটিসের বিপক্ষে বার্সেলোনার ত্রাতা হয়ে ওঠে ভাগ্য! দুই গোলে এগিয়ে গিয়েও দশজনের রিয়াল বেটিসের বিপক্ষে লা লিগায় সহজে জিততে পারেনি বার্সেলোনা। শেষ পর্যন্ত ভাগ্যই পেপ গার্দিওলার দলকে জিতিয়ে দেয় ৪-২ গোলে। কিংস কাপে (কোপা দেল রে) রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ আটের প্রথম লড়াইয়ের তিন দিন আগে রোববার মাত্র ১২ মিনিটের মধ্যে জাভি হার্নান্দেজ ও লিওনেল মেসির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা। তখন মনে হচ্ছিল আরেকটি সহজ জয়ের পথে এগিয়ে চলেছে লা লিগা চ্যাম্পিয়নরা। কিন্তু হাল ছাড়ার পাত্র নয় বেটিস। খেলারও নিয়ন্ত্রণ কখনোই নিতে দেয়নি প্রতিপক্ষকে। লড়েও যাচ্ছিল সমান তালে। কখনো কখনো বার্সেলোনাকে চেপেও ধরছিল তারা ভালোভাবে। আক্ষরিক অর্থেই বেটিসের আক্রমণাত্মক ফুটবলের মুখে বার্সার রক্ষণভাগে স্পষ্ট হয়ে ওঠে বড় বড় ফাটল। এর সুযোগ নিয়ে ন্যু ক্যাম্পে এ মৌসুমে প্রথম গোল করে ব্যবধান কমিয়ে আনেন বেটিসের রুবেন ক্যাস্ট্রো, খেলার ৩২ মিনিটে। তার সহযোদ্ধা রকু সান্তা ক্রুজ বেটিসকে খেলায় ফেরান ৫২ মিনিটে। কিন্তু খেলার ৭০ মিনিটে ফুটবল বিধাতা ভাগ্যের ডালা মেলে ধরে বার্সেলোনার সামনে। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখায় মাঠ থেকে বেরিয়ে যেতে হয় বেটিসের মারিও আলভারেজকে। এরপর আর কুলিয়ে উঠতে পারেনি বেটিস। খেলার ৭৫ মিনিটে আলেক্সিস সানচেজ এগিয়ে নেন বার্সাকে। শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে মেসি দলকে নিয়ে যান প্রতিপক্ষের ধরাছোঁয়ার বাইরে। এটি ছিল ঘরের মাঠে দশ খেলায় বার্সার নবম জয়। তারপরও শীর্ষ দল রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে আছে পাঁচ পয়েন্ট। ৪১ পয়েন্ট নিয়ে গার্দিওলার দল আছে দ্বিতীয় স্থানে। খেলা শেষে জাভি বলেন, “বল নিজেদের দখলে নিয়ে খেলতে চেয়েছে বেটিস এবং খেলেছেও চমৎকার। তাদের পরিকল্পনাও ছিল গোছানো।” “খেলটি এমন হয়েছে যে জয় তুলে নিতে পারতো যে কোনো দল। তবে শেষ পর্যন্ত আমরাই জিতেছি,” যোগ করেন তিনি। দিনের অন্যান্য খেলায় আতলেটিকো মাদ্রিদ ৩-০ গোলে ভিয়ারিয়ালকে, রেসিং সান্তান্দার ২-০ গোলে ওসাসুনাকে, অ্যাথলেটিক বিলবাও ৩-০ গোলে লেভান্তেকে ও স্পোর্টিং গিজন ২-১ গোলে মালাগাকে হারায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৪ ঘ.