ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টানা তৃতীয় বারের মতো ফিফা ব্যালন ডি’অর পুরস্কার জিতে লিওনেল মেসি এখন আনন্দে আত্মহারা। তবে খুশি হলেও এবারের পুরস্কারটি নাকি তার কাছে প্রত্যাশিতই ছিলো।
রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো ও বার্সেলোনা-সতীর্থ জাভিকে পেছনে ফেলে এই পুরস্কারটি জিতেছেন মেসি।
ফ্রান্স ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড বলেন, “এবারের জয় গত বছরের মতো অপ্রত্যাশিত ছিলো না। আমি জানতাম যে আমার পুরস্কার জয়ের জোরালো সম্ভাবনা আছে। আর তাই আমি শান্তই ছিলাম।”
“এই সাফল্যে আমি খুবই খুশি এবং গর্বিত। ঠিক প্রথম দু বারের মতোই। তৃতীয় বার জিততে পেরে আবেগাক্রান্তও হয়ে পড়েছি কিছুটা । ব্যালন ডি’অর খুবই সম্মানজনক পুরস্কার। এটি সব খেলোয়াড়ই জিততে চান,” যোগ করেন তিনি।
বার্সেলোনায় নাকি মেসির প্রভাব কোচ পেপ গার্দিওলার চেয়েও বেশি! তবে এই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে মেসি বলেন, “এটা একেবারেই বাজে কথা। গার্দিওলার প্রতি শ্রদ্ধার অভাব থেকে কেউ এ কথা বলতে পারেন। তিনি সব কিছু জয় করেছেন এবং বার্সেলোনার সাফল্যের মূলেও তিনি। আমি অন্য সবার মতো বার্সেলোনার একজন খেলোয়াড় মাত্র। আর গার্দিওলা দলের অন্যতম সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি। দলের মধ্যে আমার কোনো প্রভাবই নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৪৩ঘ.
bdnews24