ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বছরের প্রথম গ্র্যান্ড স্লাম প্রতিযোগিতা অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে সোমবার থেকে। পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ এবারো শিরোপার অন্যতম দাবীদার।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেই জোকাভিচের স্বপ্নযাত্রার সূচনা। বছরের চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে একমাত্র ফ্রেঞ্চ ওপেনেই সাফল্য পাননি। বাকি তিনটি শিরোপাই উঠেছে এই সার্ব তারকার হাতে।
জোকোভিচের দুই প্রধান প্রতিপক্ষ রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেন জিতলেও রেকর্ড ১৬টি গ্র্যান্ড স্লাম বিজয়ী রজার ফেদেরার গত বছর কোনো গ্র্যান্ড স্লামের শিরোপা জিততে পারেননি। ২০০২ সালের পর ফেদেরারের জীবনে এ ধরনের ব্যর্থতা আর আসেনি।
এবারের অস্ট্রেলিয়ান ওপেনের সূচীই চমকে দিয়েছে টেনিস ভক্তদের। গত ৭ বছর যা হয়নি এবারই ঘটতে পারে ঘটনাটা। অঘটনের শিকার না হলে সেমিফাইনালে দেখা হতে পারে দুই বন্ধু ও প্রবল প্রতিদ্বন্দ্বী নাদাল ও ফেদেরারের।
পুরুষদের এককে জোকোভিচ-নাদাল-ফেদেরারকে সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হলেও মেয়েদের এককে কাউকেই সেভাবে এগিয়ে রাখার উপায় নেই। গত বছর চারটি গ্র্যান্ড স্লাম জিতেছেন চার দেশের চার নারী। কিন্তু কেউই ধারাবাহিকতা ধরে রেখে একটানা ভালো খেলতে পারেননি।
প্রায় এক দশক ধরে মেয়েদের টেনিস শাসন করা উইলিয়ামস পরিবারের দুই বোন গত বছর একেবারেই অনুজ্জ্বল ছিলেন। সেরেনা ২০১০ সালের উইম্বলডন শিরোপা জেতার পর অসুস্থতা আর চোটের কারণে প্রায় এক বছর কোর্টেই নামতে পারেননি। বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের ফাইনালে উঠেছিলেন অবশ্য। কিন্তু শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছালেও অস্ট্রেলিয়ার সামান্থা স্টোসারের সঙ্গে পেরে ওঠেননি।
অস্ট্রেলিয়ান ওপেনের গতবারের চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স ও ২০০৮ সালের শিরোপা জয়ী মারিয়া শারাপোভা এখন চোট সমস্যায় আক্রান্ত। একই সমস্যা রয়েছে র্যাংকিংয়ে সবার ওপরে থাকা ক্যারোলিন ওজনিয়াকিরও। যদিও মেলবোর্ন পার্কে প্রত্যেকেই র্যাকেট হাতে লড়াইয়ে নামছেন। তবে ভেনাস উইলিয়ামসকে অসুস্থতার কারণে কোর্টের বাইরেই থাকতে হচ্ছে যথারীতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৯ঘ.
bdnews24