২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক সপ্তাহের ব্যবধানে দু’টো ‘এল ক্লাসিকো’

যেমনটা ধারণা করা হয়েছিল সে পথেই হেঁটেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কিংস কাপের (কোপা দেল রে) কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আবির্ভাব ঘটেছে বিশ্ব ক্লাব ফুটবলের এই দুই পরাশক্তির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যেমনটা ধারণা করা হয়েছিল সে পথেই হেঁটেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। কিংস কাপের (কোপা দেল রে) কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আবির্ভাব ঘটেছে বিশ্ব ক্লাব ফুটবলের এই দুই পরাশক্তির। ফিরতি খেলায় পিছিয়ে পড়েও বার্সা বৃহস্পতিবার ওসাসুনাকে হারিয়েছে ২-১ গোলে। যদিও দ্বিতীয় সারির দল মাঠে নামিয়েছিলেন কোচ পেপ গার্দিওলা। ঘর ও প্রতিপক্ষের মাঠ, দুই খেলা মিলে বার্সেলোনা এগিয়ে যায় ৬-১ গোলে। বার্সার দ্বিতীয় সারির দলও যে কম যায় না, তাই দেখিয়ে দিলেন খেলোয়াড়রা ওসাসুনার মাঠে অতিথি হয়ে খেলতে গিয়ে। সার্বিয়ার আক্রমণভাগের খেলোয়াড় দেয়ান লেকিচ প্রথম অর্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে গোল করে এগিয়ে নেন ঘরের ছেলেদের। কিন্তু ব্যবধান বাড়ানোর পথ বন্ধ করে দেন বার্সার আক্রমণভাগের খেলোয়াড় আলেক্সিজ সানচেজ। দ্বিতীয়ার্ধের চার মিনিটে গোল করে সমতা ফেরান খেলায়। বি টিমের মাঝমাঠের তরুণ খেলোয়াড় সার্জি রবার্তো জয়সূচক গোলটি দেন খেলার শেষ বাঁশি বাজার ১৮ মিনিট আগে। রবার্তোকে দৌড়ে আসতে দেখে তার গতি পথে বল ঠেলে দেন বদলী খেলোয়াড় লিওনেল মেসি। চলন্ত বলের ওপর প্রচণ্ড শট নেন রবার্তো। গোলরক্ষক অ্যাসিয়ের রিয়েসগোর পাশ দিয়ে বল আশ্রয় নেয় জালে। প্রথম খেলায় বার্সা বুধবার অতিথি হয়ে খেলতে যাবে স্পেনের রাজধানীতে। ঠিক এক সপ্তাহ পর ফিরতি খেলায় ন্যু ক্যাম্পে স্বাগত জানাবে তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের। ফলে এক সপ্তাহের ব্যবধানে দুটো ‘এল ক্লাসিকো’ দেখবে ফুটবল দুনিয়া। জয়ী দল সেমিফাইনাল খেলবে ভালেন্সিয়া কিংবা লেভান্তের বিপক্ষে। এদিকে অ্যাথলেটিক বিলবাও তৃতীয় বিভাগের দল আলবাকেটকে হারিয়েছে ৪-০ গোলে। শেষ আটে দলটি খেলবে লা লিগা প্রতিপক্ষ রিয়াল মালোর্কার বিপক্ষে। প্রথম খেলায় ২-০ গোলে পিছিয়ে পড়লেও মঙ্গলবার ফিরতি খেলায় রিয়াল সোসিয়েদাদকে নাকাল করে তারা ৬-১ গোলে। বিলবাও ও মালোর্কার মধ্যে জয়ী দল খেলবে ২০০৬ সালের কোপা দেল রে জয়ী এসপানিওল কিংবা তৃতীয় বিভাগের দল মিরানদেসের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৮ ঘ.