২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটিকে ধরে ফেলেছে ইউনাইটেড

প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দল ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ৩-০ গোলে হারায় তারা বোল্টন ওয়ান্ডারার্সকে। এর মধ্যে একটি গোল আসে চির তরুণ পল স্কোলেসের পা থেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 05:40 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দল ম্যানচেস্টার সিটিকে ধরে ফেলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ৩-০ গোলে হারায় তারা বোল্টন ওয়ান্ডারার্সকে। এর মধ্যে একটি গোল আসে চির তরুণ পল স্কোলেসের পা থেকে। প্রিমিয়ার লিগে আগের দুই খেলায় হার এবং এই খেলার প্রথম দিকে ওয়েন রুনি পেনাল্টি থেকে গোল করতে না পারায় স্টেডিয়ামে উপস্থিত সমর্থকরা হতাশ হয়ে পড়েন। এই হতাশা থেকে ক্ষোভ এবং এর পরিণতিতে খেলোয়াড়রা হয়ে ওঠেন তাদের উপহাসের পাত্র। টিটকারি মারতে থাকেন তারা খেলোয়াড়দের লক্ষ্য করে। কিন্তু প্রথমার্ধের শেষ মিনিটে স্কোলেসের গোলের পর থেমে যায় তা। ৭৪ গোল ব্যবধান বাড়ান ড্যনি ওয়েলবেক ও ৮৩ মিনিটে মাইকেল ক্যারিক। সেই সঙ্গে ধরে ফেলে তারা সিটিকে। ৪৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে দল দু’টো। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে সিটি। সিটি ও ইউনাইটেডের পাশে বসতে পারতো টটেনহ্যাম হটস্পারও। পয়েন্ট তালিকার নিচের দিকের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে ফেভারিটের তকমা গায়ে লাগিয়েই মাঠে নেমেছিল তারা। কিন্তু ১-১ গোলে ড্র করায় দুই পয়েন্ট পিছিয়ে থাকলো উত্তর লন্ডনের দলটি। স্টিভেন ফ্লেচারের গোলে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল উলভসই। আর টটেনহ্যামের পক্ষে এক পয়েন্ট আদায় করেন ক্রোয়েশিয়ার লুকা মরদিচ। সিটি সোমবার খেলবে উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের গোলে পয়েন্ট তালিকার চতুর্থ দল চেলসি (৪০) ১-০ গোলে হারিয়েছে সান্ডারল্যান্ডকে। ষষ্ঠ দল লিভারপুল গোলশূন্য ড্র করে স্টক সিটির সঙ্গে। এদিকে দ্বিতীয় বিভাগে নেমে যাওয়ার ঝুঁকি অনেকটা কমিয়ে এনেছে ব্ল্যাকবার্ন রোভার্স। ম্যাচের অর্ধেকেরও বেশি সময় দশজন নিয়ে খেলেও ৩-১ গোলে হারায় তারা ফুলহ্যামকে। ৩৭ বছর বয়সী স্কোলেস অবসরের ঘোষণা দিয়েছিলেন গত মৌসুম শেষে। তবে অবসর ভেঙে বেরিয়ে আসেন এফএ কাপে ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলায়। বোল্টনের বিপক্ষে তার এই গোলটি ২০১০ সালের অগাস্টের পর প্রথম। এছাড়া নরউইচ সিটি ২-১ গোলে হারিয়েছে ওয়েস্ট ব্রমউইচকে। আর ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে অ্যাস্টন ভিলা ও এভারটনের খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৬ ঘ.