ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘ফেবারিট’র তকমা গায়ে লাগিয়ে মাঠে নেমেছিল উদিনেস। কিন্তু তাদের স্বপ্ন ভেঙে দিয়ে ইতালিয়ান কাপের কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে
শিয়েভো।
বুধবার বদলী খেলোয়াড় সিরিল থেরিউ’র যোগ করা সময়ের জয়সূচক গোলে ২-১ ব্যবধানে হারায় তারা উদিনেসকে। আর ফিওরেন্টিনাকে সহজেই ৩-০ গোলে হারিয়ে এএস রোমাও উঠে যায় শেষ আটে।
শিয়েভোকে খেলার ৮ মিনিটে এগিয়ে নেন পাওলো সামারকো। খেলা শেষের বাঁশি বাজার ছয় মিনিট আগে গোল শোধ করে দেন উদিনেসের আন্তোনিও ডি নাতালে।
কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটেই জয়সুচক গোলটি করেন সিরিল।
শেষ আটে শিয়েভো খেলবে সিয়েনার সঙ্গে।
এদিকে ভুল ও গোলের সুযোগ নষ্ট করার খেসারত দিতে হয় ফিওরেন্টিনাকে। দু’টো ভুলের সুযোগ কাজে লাগিয়ে দুই গোল করেন এরিক লামেলা, ৫৩ ও ৬৬ মিনিটে। আর তৃতীয় ভুলের সযোগ কাজে লাগান ফ্যাবিও বরিনি, ৭৫ মিনিটে।
খেলা শেষে নিজেদের ভাগ্যবানই বললেন রোমা কোচ লুই এনরিক, “আমরা ভাগ্যবান। কেননা গোলের কয়েকটি সুযোগ নষ্ট করেছে ফিওরেন্টিনা। অবশ্য আমরাও ভালো খেলেছি, বিশেষ করে দ্বিতীয়ার্ধে।”
“এই অর্ধে আমরা গোলের সুযোগ সৃষ্টি করেছি। তিনটি গোলও করেছি। তাই জয় ছিল আমাদেরই প্রাপ্য,” যোগ করেন তিনি।
শেষ আটে রোমা মুখোমুখি হবে জুভেন্টাসের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩২৫ ঘ.
bdnews24