ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পথ ধরে ফেডারেশন কাপ ফুটবলের গ্র“প পর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাদার্স ইউনিয়নও। বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করায় শেষ হয়ে গেছে ব্রাদার্সের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা।
গ্র“পের তিন ম্যাচ থেকে গোপীবাগের ক্লাবটির সংগ্রহ মাত্র দুই পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ২-০ গোলে ওয়ারী ক্লাবকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে রহমতগঞ্জের সঙ্গী হয়েছে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্র“পে ফরাশগঞ্জের অবস্থান সবার ওপরে। ৫ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ গ্র“পের রানার্সআপ।
শেষ আটে উঠতে হলে বুধবার জিততেই হতো ব্রাদার্সকে। শুরু থেকেই গোলের জন্য মরিয়া ব্রাদার্স এগিয়েও যায় ৩২ মিনিটের সময়। নাইজেরীয় স্ট্রাইকার ওলালেকান জোশুয়ার ক্রস থেকে প্লে¬সিং শটে গোলটি করেন অরক্ষিত কবির হোসেন (১-০)।
তবে প্রথমার্ধে রহমতগঞ্জ শুধু সমতাই ফেরায়নি, এগিয়েও গেছে। বিরতির কিছুক্ষণ আগে সমতা নিয়ে আসেন নাইজেরীয় স্ট্রাইকার লাকি ডিভাইন (১-১)।
মিনিট খানেক পর ডিভাইন এগিয়েও দেন রহমতগঞ্জকে। ইদ্রিস কাসিরি ও মাইকেল ডুম্বার মাধ্যমে গড়ে ওঠা আক্রমণকে সাফল্যে রূপায়িত করা ডিভাইন দুর্দান্ত শটে পরাস্ত করেন ব্রাদার্স গোলরক্ষককে (২-১)। তবে ৫৮ মিনিটে অনিকের লক্ষ্যভেদে সমতায় ফেরে ব্রাদার্স (২-২)।
কিন্তু আবার এগিয়ে যায় রহমতগঞ্জ। ৭৪ মিনিটে গিনির স্ট্রাইকার মোহাম্মেদ কুন্তে বানগুরা ৩-২ গোলে এগিয়ে দেন পুরনো ঢাকার ক্লাবটিকে। শেষ মুহূর্তে নাইজেরীয় স্ট্রাইকার অ্যাডামস জানকাসা গোলটি শোধ করলেও গ্র“প পর্ব থেকে বিদায় ঠেকাতে পারেনি ফেডারেশন কাপের সাবেক চ্যাম্পিয়নরা।
৭২ মিনিটে মিডফিল্ডার খান মোহাম্মদ তারা লাল কার্ড পাওয়ায় বাকি সময়টা ব্রাদার্সকে অবশ্য দশ জন নিয়ে খেলতে হয়েছে।
ওয়ারীর বিপক্ষে ফরাশগঞ্জের দুই গোলদাতা পাশবন মোল্ল¬া ও সাইফুল আরেফিন রুবেল। ৫৩ মিনিটে পাশবন এগিয়ে দেন দলকে। নির্ধারিত সময় শেষ হওয়ার ৯ মিনিট আগে অন্য গোলটি করেন রুবেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৪৩ঘ.
bdnews24