ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল জাতীয় বাস্কেটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৭২-৬৫ পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীকে হারিয়েছে।
প্রথমার্ধে সেনাবাহিনী ৩৯-৩১ পয়েন্টে এগিয়েছিলো।
সেনাবাহিনীর মিথুন ২৪ ও আমানত ২২ পয়েন্ট এবং নৌবাহিনীর মিঠুন ২৯ ও রাশেদ ২২ পয়েন্ট স্কোর করেন।
তৃতীয় স্থান নির্ধারণী খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৭-৫৪ পয়েন্টে খুলনাকে হারিয়েছে। বিজিবির মোরশেদ ২২ ও দরদ ১০ এবং খুলনার শাওন ১৭ ও বাপ্পি ১১ পয়েন্ট স্কোর করেন।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার স্পন্সর সিটিসেলের চিফ অপারেটিং অফিসার ডেভিড লি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯৫৫ঘ.
bdnews24