২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা দেল রে: আভাস মিলছে ‘এল ক্লাসিকোর’

নায়ক হয়ে উঠতে উঠতেও পারলেন না, শেষ পর্যন্ত খলনায়ক হয়েই মাঠ ছাড়তে হলো গোলরক্ষক উইলি কাবায়েরোকে। তার ভুলেই মঙ্গলবার ফিরতি খেলায় ১-০ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হার মানতে হয় মালাগাকে। ফলে প্রথম ও ফিরতি খেলা মিলে ৪-২ গোলে এগিয়ে থেকে হোসে মরিনহোর দল উঠে গেল কোপা দেল রে’র কোয়ার্টার-ফাইনালে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 05:40 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নায়ক হয়ে উঠতে উঠতেও পারলেন না, শেষ পর্যন্ত খলনায়ক হয়েই মাঠ ছাড়তে হলো গোলরক্ষক উইলি কাবায়েরোকে। তার ভুলেই মঙ্গলবার ফিরতি খেলায় ১-০ গোলে রিয়াল মাদ্রিদের কাছে হার মানতে হয় মালাগাকে। ফলে প্রথম ও ফিরতি খেলা মিলে ৪-২ গোলে এগিয়ে থেকে হোসে মরিনহোর দল উঠে গেল কোপা দেল রে’র কোয়ার্টার-ফাইনালে। শেষ আটের লড়াইয়ে রিয়ালকে নামতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে, যদি ওসাসুনাকে পেছনে ফেলে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিতে পারে পেপ গার্দিওলার দল। অবশ্য শেষ আটের পথে অনেকটা এগিয়ে আছে বার্সা। বৃহস্পতিবার ওসাসুনার বিপক্ষে খেলতে নামবে ৪-০ গোলে এগিয়ে থেকে। বার্সেলোনা শেষ আটে জায়গা করে নিতে পারলে আরো দু’টো ‘এল ক্লাসিকো’র দেখার সুযোগ পাবে ফুটবল দুনিয়া। এর আগের বারোটি ‘এল ক্লাসিকো’য় রিয়াল মাদ্রিদকে জয় ধরা দিয়েছে কেবল একবার, গত মৌসুমের কাপ ফাইনালে। মালাগার মাঠ স্তাদিও লা রোসালেদায় অতিথি রিয়ালের আক্রমণাত্মক ফুটবলের মুখে বাঁধ হয়ে দাঁড়িয়ে ছিলেন কাবায়েরো। ৭২ মিনিট পর্যন্ত অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে রাখেন তিনি রিয়ালকে। কিন্ত ৭২ মিনিটে আর পারলেন না। করিম বেনজেমার নিচু করে মারা শট তার হাত ফস্কে দুই পায়ের ফাঁক দিয়ে চলে যায় গোল-লাইন অতিক্রম করে। এতে হতাশা ভর করতেই পারে কাবায়েরোর উপর, করেও ছিল। তাই মাটি চাপড়াতে দেখা যায় তাকে গোল হওয়ার পরপর। বেনজেমা তিন খেলায় তার চতুর্থ গোলটি করলেন প্রথম ‘টাচে’। মিনিট খানেক আগে গঞ্জালো হিগুয়াইনের বদলে মাঠে নামেন তিনি। গোলটির আগ পর্যন্ত আক্ষরিক অর্থেই দেয়াল হয়েছিলেন কাবায়েরো। ৬৩ মিনিটে অত্যন্ত কাছ থেকে ‘হেড’ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু হাতের কাজ করে ক্রসবারের উপর দিয়ে বল পাঠিয়ে দেন কাবায়েরো মাঠের বাইরে। এই গোলটি না পাওয়ায় নিজেকে দুর্ভাগ্যবান ভাবতেই পারেন রোনালদো। খেলার ৮৮ মিনিটে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আলভারো আরবেলোয়াকে। এর দুই মিনিট পর বড় বাঁচা বেঁচে যায় রিয়াল। মালাগার মাঝমাঠে খেলোয়াড় জেরেমি তুলালানের ‘হেড’ চলে যায় ক্রসবার ছুঁয়ে। খেলা শেষে সন্তুষ্ট মরিনহো বলেন, “আমরা খুব বুদ্ধি খাটিয়ে খেলেছি। জেতার জন্য অনেক পরিশ্রম করেছি।” এদিকে রেসিং সান্তান্দারের সঙ্গে ১-১ গোলে ড্র করে তৃতীয় বিভাগের দল মিরান্দেসও জায়াগা করে নেয় শেষ আটে। দুই খেলা মিলে দলটি এগিয়ে যায় ৩-১ গোলে। পিছিয়ে পড়েও মালোর্কা ৬-১ গোলে রিয়াল হারায় সোসিয়েদাদকে। সেই সঙ্গে দুই খেলা মিলে এগিয়ে যায় ৬-৩ গোলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১৩১ ঘ.