২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সা-রিয়াল খেলায় কেউ ফেভারিট নয়’

রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে’র শেষ আটে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড় জেরার্ড পিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 09:24 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রে’র শেষ আটে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন বার্সেলোনার রক্ষণভাগের খেলোয়াড় জেরার্ড পিকে। ওসাসুনার বিপক্ষে ঘর ও প্রতিপক্ষের মাঠ, দুই খেলা মিলে মোট ৬-১ গোলে এগিয়ে থেকে শেষ আটে জায়গা করে নেয় বার্সেলোনা। বৃহস্পতিবার রেইনো ডি নাভারায় শেষ ষোলোর ফিরতি খেলায় বার্সা জেতে ২-১ গোলে। ফলে আগামী ১৪ দিনের মধ্যে দু’বার মুখোমুখি হতে যাচ্ছে বার্সা ও রিয়াল। এ মৌসুমে রিয়ালের সঙ্গে তিন খেলার মধ্যে দুই খেলায় জেতে বার্সেলোনা। অমীমাংসিতভাবে শেষ হয় অপরটি। তারপরও পিকে মনে করছেন, কোনো দলের গায়ে ‘ফেভারিট’র তকমা লাগানো নেই। তার ভাষায়, “বার্সা ও মাদ্রিদের খেলায় কোনো দলই ফেভারিট নয়। আমরা জেতার জন্য সান্তিয়াগো বার্নাব্যু যাবো এবং সব চেয়ে ভালো ফল আদায় করে নেয়ার চেষ্টা করবো।” “মাঠেই খেলার ফলাফল নির্ধারিত হবে। আমরা খুব ভালো প্রস্তুতি নিতে যাচ্ছি, যেমনটা আমরা সব সময় নিয়ে থাকি। সেই সঙ্গে সেমিফাইনালে ওঠা ও শিরোপা জয়ের চেষ্টা করবো,” যোগ করেন তিনি। বার্সা অতিথি হয়ে সান্তিয়াগো বার্নাব্যু যাবে ১৮ জানুয়ারি। ফিরতি খেলায় ন্যু ক্যাম্পে তারা তাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানাবে ঠিক এক সপ্তাহ পর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫৭ ঘ.