ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার জাতীয় হকি প্রতিযোগিতায় গোল-উৎসব করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে তারা ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে যশোরকে।
বিজয়ী দলের পক্ষে হ্যাটট্রিকসহ তিন গোল করেন সিরাজুল ইসলাম। হ্যাটট্রিক না পেলেও কৃষ্ণ কুমার ও মিলন হোসেনের স্টিক থেকেও আসে তিনটি করে গোল। এছাড়া রোকনুজ্জামান ও সানোয়ার হোসেন দুটি করে এবং মেহেদী হাসান ও আবদুল মালেক একটি করে গোল করেন সেনাবাহিনীর বিশাল জয়ে।
দিনের অন্য ম্যাচে টাঙ্গাইল জেলা ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনীকে। বিজয়ী দলের পক্ষে মানিক দুটি ও পিন্টু একটি গোল করেন। বিমানবাহিনীর একমাত্র গোলদাতা রুম্মান আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৫৭ঘ.
bdnews24