ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে ৩-১ গোলে হেরে যাওয়ায় ঐতিহ্যবাহী দলটির কোয়ার্টার ফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে বিজেএমসি ৬-০ গোলে বিধ্বস্ত করেছে কক্স সিটি এসসিকে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্র“প চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে উঠেছে ২৭ বছর পর ঢাকার ফুটবলে ফেরা বিজেএমসি। শেষ আটে তাদের সঙ্গী মুক্তিযোদ্ধা। ৬ পয়েন্ট নিয়ে গ্র“পে তাদের অবস্থান দ্বিতীয়।
মুক্তিযোদ্ধা নিজেদের প্রথম ম্যাচে কক্স সিটিকে ১০-০ গোলে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে বিজেএমসির কাছে ২-৩ গোলে হেরে যায়। অন্যদিকে বিজেএমসির সঙ্গে ড্র দিয়ে মৌসুম শুরু করা মোহামেডান পরের ম্যাচে অপ্রত্যাশিতভাবে হেরে যায় কক্স সিটির কাছে। তাই কোয়ার্টার ফাইনালের পথ সুগম করতে মঙ্গলবারের ম্যাচটি দুদলের জন্যই ছিলো ভীষণ গুরুত্বপূর্ণ।
৩৭ মিনিটে জাহিদ হাসান এমিলি এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে। নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার ক্রস থেকে এমিলির হেড সাইডবারে লেগে বল চলে যায় জালে (১-০)।
গোলটি অবশ্য খেলার ধারার বিপরীতেই। শুরু থেকে মোহামেডানই ছিলো বেশি আক্রমণাত্মক। কয়েকবার মুক্তিযোদ্ধার রক্ষণ ভেঙ্গে গোলের সুযোগ সৃষ্টি করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় তারা লক্ষ্যভেদ করতে পারেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মোহামেডান। সুবাদে মুক্তিযোদ্ধার আক্রমণের চাপও বেড়ে যায় অনেকখানি। দ্বিতীয় গোলের জন্যও তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি।
৫৬ মিনিটে বদলি হিসেবে নেমেই ব্যবধান দ্বিগুণ করেন মিঠুন চৌধুরী। মিডফিল্ডার মামুনুল ইসলামের লব ধরে, বক্সের ভেতর ঢুকে মাটিঘেঁষা শটে গোলটি করেন তিনি। মোহামেডান গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু এগিয়ে এলেও তার পায়ের নিচ দিয়ে বল জালে জড়িয়ে যায়।
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে গোল পেয়েছেন সিজোবাও। ৬৫ মিনিটে মিঠুনের পাস ধরে ছোট বক্সের সামনে থেকে আড়াআড়ি শটে মুক্তিযোদ্ধার জয় নিশ্চিত করেন তিনি (৩-০)।
মোহামেডানের সান্ত্বনাসূচক গোলটির জন্ম ৭০ মিনিটের সময়। নাইজেরীয় মিডফিল্ডার জনসনের পাস থেকে তার স্বদেশী স্ট্রাইকার উইলকক ব্যবধান কমালেও তাতে সাদা-কালো শিবিরের কোনো লাভ হয়নি।
টানা দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় মাত্র এক পয়েন্ট নিয়ে গ্র“পে মোহামেডানের অবস্থান সবার নিচে। গতবারও ফেডারেশন কাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলো তারা।
মোহামেডানের ব্যর্থতার দিনে ঔজ্জ্বল্য ছড়িয়েছে বিজেএমসি। আগের ম্যাচে মোহামেডানকে হারিয়ে হৈ-চৈ ফেলে দিলেও মঙ্গলবার বিজেএমসির কাছে পাত্তাই পায়নি কক্স সিটি।
গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরার দুই গোল বিজেএমসি বড় জয়ের ভিত্তি। একটি করে গোল করেন আব্দুল্ল¬াহ পারভেজ, আব্দুল রশিদ, উচে ফেলিক্স ও আলফাজ আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯০৪ঘ.
bdnews24