২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরেই আর্সেনালের ত্রাতা অঁরি

আর্সেনালে থিয়েরি অঁরির দ্বিতীয় ‘অভিষেক’ যে এমন দুর্দান্ত হবে, তা বোধহয় তার সবচেয়ে বড় ভক্তও কল্পনা করতে পারেনি! সোমবার এফএ কাপে অঁরির একমাত্র গোলে লিডস ইউনাইটেডকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 11:29 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনালে থিয়েরি অঁরির দ্বিতীয় ‘অভিষেক’ যে এমন দুর্দান্ত হবে, তা বোধহয় তার সবচেয়ে বড় ভক্তও কল্পনা করতে পারেনি! সোমবার এফএ কাপে অঁরির একমাত্র গোলে লিডস ইউনাইটেডকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেনাল। তৃতীয় রাউন্ডের ম্যাচটিতে ৬৮ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন অঁরি। আর্সেনাল তখন গোল পেতে মরিয়া। মাঠে নামার দশ মিনিট পরই অঁরি এগিয়ে দেন দলকে। পেনাল্টি বক্সের সামান্য বাইরে থেকে নেয়া তার শট থামানোর ক্ষমতা ছিলো না প্রতিপক্ষ গোলরক্ষকের। পুরনো নায়ককে নতুন করে ফিরে পাওয়ার আনন্দে মাঠের প্রায় ৬০ হাজার দর্শক তখন উচ্ছ্বসিত। ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্সেনালে কাটানো অঁরি লন্ডনের ক্লাবটির অনেক সাফল্যের রূপকার। এখনো আর্সেনালের পক্ষে সবচেয়ে বেশি গোল তারই। আর্সেনালের জার্সি গায়ে ২৫৪ ম্যাচে তার ১৭৪টি গোল। ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেন তিনি। এরপর নিউইয়র্কের ক্লাব রেড বুলস ঘুরে আবারো উত্তর লন্ডনের ক্লাবটিতে ফিরেছেন তিনি। তবে এবার ধারে ছয় সপ্তাহের জন্য। ম্যাচ শেষে অঁরি বলেন, “আমি এখানে নায়ক হতে বা কিছু প্রমাণ করতে আসিনি। আমি এখানে এসেছি (দলকে) সাহায্য করতে।” যদিও নামের সঙ্গে নায়ক বিশেষণের কোনো প্রয়োজন নেই তার। এমনিতেই আর্সেনালের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন তিনি। লিডসের বিপক্ষে এই ম্যাচে আর্সেনালের প্রথম একাদশে ছিলেন না অঁরি। তারপরও মাঠের দর্শকরা শুরু থেকেই তাকে ম্যাচ সেরা করার জন্য ভোট দিচ্ছিলেন! ৩৪ বছর বয়সী অঁরি এর প্রতিক্রিয়ায় বলেন,“আমার বিশ্বাস এটা কৌতুক ছাড়া আর কিছু নয়।” আর্সেনালের প্রতি ভালোবাসা জানাতে গিয়ে অঁরি বলেন, “ক্লাব ছেড়ে যাওয়ার সময় আমি কেঁদেছিলাম। পুরো ফুটবল-জীবনে খুব বেশি আমি চোখের পানি ফেলিনি। আমি ক্লাবটিকে ভালোবসি। অনেকেই বলে ভালোবাসা অন্ধ। আর্সেনালের ক্ষেত্রে এই কথা আমি অস্বীকার করতে পারি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৪৪৮ ঘ.