ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সর্বকালের সেরা খেলোয়াড় হতে হলে লিওনেল মেসিকে অবশ্যই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিততে হবে বলে মনে করেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তী মিশেল প্লাতিনি।
যদিও টানা তৃতীয়বারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া ২৪ বছর বয়সী মেসিকে সেরা খেলোয়াড়দের একজন হিসেবে মেনে নিয়েছেন তিনি। তবে প্লাতিনির বিশ্বাস পেলে ও ম্যারাডোনার সঙ্গে প্রতিযোগিতায় নামতে হলে অবশ্যই মেসিকে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতার শিরোপা জিততে হবে।
প্লাতিনি বলেন, “বিশ্বকাপ জিতুত বা না জিতুত মেসি সবসময়ই সেরাদের মধ্যে থাকবে। কিন্তু বিশ্বকাপ সত্যিই অন্যরকম। দর্শকদের মনে বিশ্বকাপই গেঁথে থাকবে।”
উদাহরণ দিতে গিয়ে প্লাতিনি বলেন, “যখন ম্যারাডোনাকে নিয়ে কেউ কথা বলবে তখন সবার মনেই ভেসে উঠে ১৯৮৬’র বিশ্বকাপে তিনি কি করেছিলেন। ওই বিশ্বকাপে ম্যারাডোনা অসাধারণ খেলেছিলেন। আসলে বিশ্বকাপে গোল করা গুরুত্বপূর্ণ বিষয়।”
ম্যারাডোনা তার ক্লাব দল নাপোলির হয়েও অসাধারণ সময় কাটিয়েছেন। মাত্র দুবার ‘সেরি আ’ চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। দুবারই নেতৃত্বে ছিলেন ম্যারাডোনা।
২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয় মেসির। ওই বিশ্বকাপে একটি গোল পেলেও সর্বশেষ ২০১০ বিশ্বকাপে কোনোর গোলের দেখা পাননি এই আর্জেন্টাইন। পরে জার্মানির কাছে কোয়ার্টার ফাইনাল ০-৪ গোলে হেরে বিদায় নেয় তার দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৫৩৭ ঘ.
bdnews24