২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো আর্সেনালের ত্রাতা থিয়েরি হেনরি

আর্সেনালে থিয়েরি হেনরির দ্বিতীয় ‘অভিষেক’ যে এতটা চমৎকার হবে সেটা হয়তো তার সবচেয়ে বড় ভক্তও কল্পনা করতে পারেনি। সোমবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের খেলায় হেনরির একমাত্র গোলেই লিডস ইউনাইটেডকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছে আর্সেনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 09:12 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর্সেনালে থিয়েরি হেনরির দ্বিতীয় ‘অভিষেক’ যে এতটা চমৎকার হবে সেটা হয়তো তার সবচেয়ে বড় ভক্তও কল্পনা করতে পারেনি। সোমবার এফএ কাপের তৃতীয় রাউন্ডের খেলায় হেনরির একমাত্র গোলেই লিডস ইউনাইটেডকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠে গেছে আর্সেনাল। খেলার ৬৮ মিনিটে বদলী হিসেবে মাঠে নামেন হেনরি। ম্যাচ তখন গোল শূন্য। দশ মিনিট পরই আলেকজান্দ্রে সংয়ের কাছ থেকে পেনাল্টি বক্সের সামান্য বাইরে বল পান হেনরি। সেখান থেকে নেয়া তার শট থামানোর ক্ষমতা ছিলো না প্রতিপক্ষ গোলরক্ষকের। পুরনো নায়কে নতুন করে পাওয়ার আনন্দে তখন মাতোয়ারা মাঠের প্রায় ৬০ হাজার দর্শক। ১৯৯৯ থেকে ২০০৭ সাল পর্যন্ত আর্সেনালে দারুণ সময় কাটিয়েছেন থিয়েরি হেনরি। ক্লাবটির পক্ষে বর্তমানে তিনিই সর্বোচ্চ গোলদাতা। ২৫৪ ম্যাচে তার গোল সংখ্যা ১৭৪। ২০০৮ সালে বার্সেলোনায় যোগ দেন তিনি। বিভিন্ন ক্লাব ঘুরে আবারো উত্তর লন্ডনের ক্লাবটিতে ফিরেছেন তিনি। তবে এবার ছয় সপ্তাহের জন্য ধারে, নিউইয়র্কের ক্লাব রেড বুলস থেকে। ম্যাচ শেষে হেনরি বলেন, “আমি এখানে নায়ক হতে বা কিছু প্রমাণ করতে আসিনি। আমি এখানে এসেছি সাহায্য করতে।” যদিও নামের সঙ্গে নায়ক বিশেষণের কোনো প্রয়োজন নেই তার। এমনিতেই আর্সেনালের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হয়ে আছেন তিনি। লিডসের বিপক্ষে আর্সেনালের প্রথম একাদশে ছিলেন না হেনরি। তারপরও মাঠের দর্শকরা শুরু থেকেই তাকে ম্যাচ সেরা করার জন্য ভোট দিচ্ছিলেন! ৩৪ বছর বয়সী হেনরি এর প্রতিক্রিয়ায় বলেন,“আমার বিশ্বাস এটা কৌতুক ছাড়া আর কিছু নয়।” আর্সেনালের প্রতি ভালোবাসা জানাতে গিয়ে হেনরি বলেন, “ক্লাবটি ছেড়ে যাওয়ার সময় আমি কেঁদেছিলাম। পুরো ক্যারিয়ারে খুব বেশিবার আমি চোখের পানি ফেলিনি। আমি ক্লাবটিকে ভালোবসি। অনেকেই বলে ভালোবাসা অন্ধ তাই না? আর্সেনালের ক্ষেত্রে এই কথা অস্বীকার করতে পারি না আমি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৪৮ ঘ.