২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাস গড়ে আবারো বিশ্বসেরা মেসি

টানা তৃতীয়বারের মত ফিফার বর্ষসেরা খেলোয়াড় হলেন লিওনেল মেসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 07:07 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তৃতীয়বারের মত ফিফার বর্ষসেরা খেলোয়াড় হলেন লিওনেল মেসি। বার্সেলোনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড মেসি সোমবার ক্লাব সতীর্থ জাভি হার্নান্দেজ ও রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ২০১১ ফিফা ব্যালন ডি’অর পুরস্কার হাতে তুলে নেন। ব্রাজিলের কিংবদন্তী খেলোয়াড় রোনালদোর কাছ থেকে পুরস্কার নেয়ার পর নিজের প্রতিক্রিয়ায় ২৪ বছর বয়সী মেসি বলেন, “এটা খুবই সম্মানের।” এর আগে আর মাত্র দুজন খেলোয়াড় তিনবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন। তারা হলেন মেসি যার হাত থেকে পুরস্কার নিয়েছেন সেই রোনালদো (১৯৯৬-৯৭, ২০০২) এবং ফ্রান্সের সর্বশেষ বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদাইন জিদান (১৯৯৮, ২০০০, ২০০৩)। তবে এই দুজনের কেউই টানা তিনবার বর্ষসেরা হতে পারেননি। আগে ইউরোপ সেরা ফুটবলার পেতেন ব্যালন ডি’অর (ফ্রান্স ফুটবলার্স গোল্ডেন বল)। আর ফুটবলের সর্বোচ্চ সংস্থার ছিলো ফিফার বর্ষসেরা পুরস্কার। তবে গত কয়েক বছর ধরে ব্যালন ডি’অর জয়ীর হাতেই উঠছিল ফিফা বর্ষসেরার পুরস্কার। গত বছর থেকে তাই ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা পুরস্কার এক করে এর নতুন নাম হয় ফিফা ব্যালন ডি’অর। ২০১০ সালে প্রথম ফিফা ব্যালন ডি’অর জেতেন মেসি। আর এর আগের বছর আলাদাভাবে ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরার পুরস্কার উঠে তার হাতে। বার্সেলোনার কিংবদন্তী ইয়োহান ক্রুইফ মনে করেন এখানেই থেমে থাকবেন না মেসি। ক্রুইফ বলেন, “মেসি ইতিহাসে সবচেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা খেলোয়াড় হতে যাচ্ছেন। অতুলনীয় মেসি পাঁচ, ছয়, সাতবার এই পুরস্কার জেতার সামর্থ্য রাখেন। তিনি একবারেই অন্য ধাতের।” ১৯৯১ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ও ১৯৫৬ সাল থেকে ব্যালন ডি’অর চালু হয়। বার্সেলোনায় অবিশ্বাস্য একটি মৌসুম কাটিয়ে এসেছেন মেসি। বার্সেলোনার হয়ে ৫৫ ম্যাচে ৫৩ গোল করে স্প্যানিশ লিগ আর চ্যাম্পিয়নস লিগ জয়ে রেখেছেন বড় অবদান। সেই সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো ২৪ গোল। ফিফা বর্ষসেরা একাদশ: ইকর ক্যাসিয়াস (গোলরক্ষক), সার্জিও রামোস, জেরার্ড পিকে, নেমেনজা ভিদিচ, দানিয়েল আলভেস, আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি, জাভি আলানসো, ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েইন রুনি ও লিওনেল মেসি। বার্সেলোনার পেপ গার্দিওলা পুরুষ ও জাপানের নোরিও সাসাকি মেয়েদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন। প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছেন স্যার আলেক্স ফার্গুসন। ফিফার পেয়ার প্লে¬ অ্যাওয়ার্ড জিতেছে জাপান। বর্ষসেরা সেরা গোলের পুরস্কার ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিলের নেইমার। মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন জাপানের অধিনায়ক হোমারে সাওয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/এসএনএল/০১০৬ ঘ.