২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ জামাল-শেখ রাসেলও কোয়ার্টার ফাইনালে

আবাহনী লিমিটেডের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়াচক্রও গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ জামাল কোনো রকমে ১-০ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারালেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে শেখ রাসেল সহজেই ৩-০ গোলে জিতেছে অগ্রণী ব্যাংক এসসির বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 01:55 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আবাহনী লিমিটেডের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়াচক্রও গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে। সোমবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ জামাল কোনো রকমে ১-০ গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারালেও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে শেখ রাসেল সহজেই ৩-০ গোলে জিতেছে অগ্রণী ব্যাংক এসসির বিপক্ষে। দুই ম্যাচ থেকে শেখ রাসেলের সংগ্রহ ৬ পয়েন্ট। আগের ম্যাচে ভিক্টোরিয়াকে ২-০ গোলে হারিয়েছিলো তারা। নকআউট পর্ব নিশ্চিত করা শেখ জামালেরও ৬ পয়েন্ট। অগ্রণী ব্যাংকের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও তারা সহজে জিততে পারেনি। সেদিনও তারা জিতেছিলো অতি কষ্টে, ১-০ গোলে। সোমবারও বাংলাদেশ লিগের চ্যাম্পিয়নদের খেলায় কোনো উন্নতি চোখে পড়েনি। একমাত্র গোলটি হয়েছে নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট ছয়েক আগে। শেখ জামালের পরিত্রাতা নাইজেরীয় ফরোয়ার্ড আসাগোবা। ৮৪ মিনিটে মোনায়েম খান রাজুর পাস থেকে গোল করে দলের মান বাঁচিয়েছেন তিনি। অবশ্য বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট না করলে বড় ব্যবধানে জিততে পারতো শেখ জামাল। সেই তুলনায় শেখ রাসেল অনেকটাই উজ্জ্বল। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও প্রাধান্য বিস্তার করে জিতেছে তারা। ক্যামেরুনের স্ট্রাইকার সিয়ানকাম এমাকো দুই গোল করে তাদের জয়ের নায়ক। গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি শেখ রাসেলকে। ম্যাচের তৃতীয় মিনিটেই এমাকো এগিয়ে দেন দলকে। ডানপ্রান্ত থেকে মিডফিল্ডার ইউসুফের বাড়ানো বল পেয়ে দুর্দান্ত শটে অগ্রণী ব্যাংকের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার ইউসুফ। বাপ্পীর ক্রস থেকে বল পেয়ে আড়াআড়ি শটে গোলটি করেন তিনি। ৫৯ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন এমাকো। নাইজেরীয় স্ট্রাইকার বুকোলা ওলালেকানের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন তিনি। তবে শেখ রাসেলের জয় নিশ্চিত করলেও হ্যাটট্রিকের আর দেখা পাননি এমাকো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২২ঘ.