ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনায় ফুটবল জীবনের সমাপ্তি টানতে চান লিওনেল মেসি। ক্লাবটিকে তিনি বিশ্বের সেরা বলেও অভিহিত করেন।
এরই মধ্যে পরপর দু’বার ব্যালন ডি’অর জেতেন মেসি। এবার পেলে টানা তৃতীয়বার এই পুরস্কার জিতবেন তিনি। সোমবার জুরিখে এই পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করার কথা।
এক সাক্ষাৎকারে মেসি বলেন, “বিশ্বের সেরা ক্লাবে আমি খেলছি। বার্সেলোনা যা দিয়েছে, অন্য কোনো দল আমাকে এতটা দিতে পারতো না। ক্লাব বিরক্ত না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো।” ক্লাব কখনোই বিরক্ত হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
“লা মাসিয়ায় বেড়ে উঠেছি এবং বার্সার তৈরি মানুষ আমি। আমাদের যে কারো চেয়ে কোচ এই ক্লাবটিকে ভালো চেনেন। তিনি ছিলেন ক্লাবের বল-বয়, খেলোয়াড় আর এখন কোচ। খুবই ‘স্মার্ট’ মানুষ তিনি। কখন কি করতে হবে, তা খুব ভালো করেই জানেন। প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে, তাও তার জানা আছে। খেলোয়াড়দের অনুপ্রাণীত করতেও ওস্তাদ তিনি,” যোগ করেন মেসি।
ফুটবল মাঠে যারা আলো ছড়িয়েছেন, সেই সব সেরা খেলোয়াড়দের একজন বলে অভিহিত করা হচ্ছে মেসিকে। কিন্তু রোসারিওয় জন্ম নেয়া মেসি মনে করেন, অতীতের এই কিংবদন্তী খেলোয়াড়দের সঙ্গে তার তুলনা করার সময় এখনো আসেনি।
“আমার বয়স মাত্র ২৪, শুরু করলাম মাত্র,” বলেন তিনি, আলফ্রেডো স্তেফানো, পেলে কিংবা দিয়েগো মারাদোনার মতো খেলোয়াড়দের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে।”
“আমাকে বিচার করা উচিত আমার খেলোয়াড়ী-জীবন শেষ হওয়ার পর,” বলেই চলেন মেসি, “কেননা আমি আমাকে নিয়ে কথা বলা পছন্দ করি না।”
ক্লাবের হয়ে জয় করার মতো যা কিছু আছে, তার সবই জয় করেছেন মেসি। এখন তিনি সফলতা পেতে চাইছেন আন্তর্জাতিক অঙ্গনে। তিনি তার দেশের জন্য সম্মানও বয়ে আনতে চাইছেন, “স্তেফানো নিঃসন্দেহে বিখ্যাত। কিন্তু বিশ্বকাপ কখনোই জেতেননি। আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার জন্য সম্ভাব্য সব কিছু আমি করবো।”
“আর্জেন্টিনা দলে বিশ্ব মানের খেলোয়াড়রা রয়েছেন, আমি নিশ্চিত যে আমার ক্লাবের সাফল্য আমি জাতীয় দলেও ফুটিয়ে তুলতে পারবো,” মেসির গলায় প্রতিজ্ঞার সুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩০ ঘ.
bdnews24