ঢাকা, জানুয়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির সঙ্গে বিরোধ শুরু হওয়ার পর থেকেই কার্লোস তেভেজের গন্তব্য নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা কথা। কিন্তু এই আর্জেন্টাইনের এজেন্ট কিয়া জুরাবশিয়ান বলছেন, ইন্টার মিলানের আগ্রহ থাকলেও ওই ক্লাবে নয়, তিনি যোগ দিতে যাচ্ছেন তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানে।
ইন্টারের টেকনিক্যাল ডাইরেক্টর মার্কো ব্রাঙ্কা ম্যানচেস্টার সিটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার জন্য বৃহস্পতিবার লন্ডন যান। সেদিনই তেভেজের সম্ভাব্য গন্তব্য নিয়ে মিলানের প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানির সঙ্গে রিও ডি জেনিরিওতে আলোচনা করেন জুরাবশিয়ান।
পরে তিনি ইতালির প্রচার মাধ্যমে বলেন, ইন্টারের সঙ্গে নয়, তিনি মিলানের সঙ্গে চুক্তিতে পৌঁছানোর আশা করছেন।
এ মৌসুমের শেষ পর্যন্ত তেভেজকে ধার নেয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে প্রস্তাব দিয়েছিল মিলান। ২৩ মিলিয়ন ইউরো দিয়ে তাকে কিনে নেয়ার একটি প্রস্তাবও এর সঙ্গে জুড়ে দেয়া হয়।
কিন্তু তেভেজকে ধার দেবে না বলে সাফ জানিয়ে দেয় সিটি। সেই সঙ্গে জানায়, তারা যে দাম চাইছে তা দেয়া হলে তেভেজকে বিক্রি করতে তাদের কোনো আপত্তি নেই।
তেভেজকে না পেলে মিলান কাতানিয়ার আর্জেন্টিনার আক্রমণভাগের আরেক খেলোয়াড় ম্যাক্সি লোপেজের দিকে হাত বাড়াবে বলে শোনা যাচ্ছে।
ফ্রান্সের দল প্যারিস সেইন্ট-জার্মেইনও পেতে চায় ২৭ বছর বয়সী তেভেজকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০২ ঘ.
bdnews24