ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে হেরে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে কক্সসিটি এসসি ১-০ গোলে হারিয়েছে মোহামেডানকে। আর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিজেএমসি ৩-২ গোলে জিতেছে মুক্তিযোদ্ধার বিপক্ষে।
মোহামেডানের বিপক্ষে কক্সসিটির জয়ের নায়ক সাইফুদ্দিন। ৪২ মিনিটে সিরাজুল কবিরের ক্রস থেকে তার হেড জড়িয়ে যায় জালে। শেষ পর্যন্ত এই গোলটিই মোহামেডান-সমর্থকদের হৃদয় ভেঙ্গে দিয়েছে ।
হেরে যাওয়ায় মোহামেডানের কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা এখন অনেকটাই অনিশ্চিত। প্রথম ম্যাচে বিজেএমসির সঙ্গে ড্র করায় দুই ম্যাচ থেকে তাদের সংগ্রহ এক পয়েন্ট। শেষ আটে খেলতে হলে নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারাতেই হবে মোহামেডানকে।
প্রিয় দলের হার মোহামেডান-সমর্থকরা মেনে নিতে পারেনি। খেলা শেষে সমর্থকরা অনেকক্ষণ খেলোয়াড়দের সাজঘরে ঢুকতে দেয়নি। মোহামেডানের খেলোয়াড়দের এই সময় মাঠে বসে থাকতে হয়েছিলো। মোহামেডানের পরিচালক সারোয়ার হোসেনের দিকেও তেড়ে যায় কয়েক জন সমর্থক।
স্বাভাবিকভাবেই এই হারে ভীষণ হতাশ মোহামেডানের নাইজেরীয় কোচ এমেকা ইউজিগো। তিনি বলেন, “একজন কোচের জন্য যে কোনো হারই বেদনাদায়ক। আমিও তার বাইরে নই। আমার দলের গুছিয়ে উঠতে আরো কিছুটা সময় লাগবে।”
মোহামেডানের মতো মুক্তিযোদ্ধাও এখন হতাশায় আচ্ছন্ন। ম্যাচের দশম মিনিটেই পিছিয়ে পড়ে তারা। পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে নেয়া মিডফিল্ডার আবুল হোসাইনের ফ্রি কিক সরাসরি চলে যায় মুক্তিযোদ্ধার জালে। প্রায় তিন দশক পর ঢাকার ফুটবলে ফেরা বিজেএমসি মেতে ওঠে উল্লাসে।
৭ মিনিট পর নাইজেরীয় স্ট্রাইকার আবদুল রশিদ ব্যবধান দ্বিগুন করলে বিজেএমসির উচ্ছ্বাস বেড়ে যায় বহু গুণ। গিনির মিডফিল্ডার ইসমাইল বাঙ্গুরার থ্রু থেকে বল পেয়ে এক ডিফেন্ডার ও গোলরক্ষক মামুন খানকে বোকা বানিয়ে কোনাকুনি শটে গোলটি করেন রশিদ।
তবে ২১ মিনিটেই ব্যবধান কমান সিবুইক ডিভাইন। বাঁ দিক থেকে উড়ে আসা মারুফের ফ্রি কিকে হেড করে গোলটি করেন তিনি (২-১)।
৬৩ মিনিটে সমতাও নিয়ে আসে মুক্তিযোদ্ধা। মিঠুন চৌধুরীর সাইড ভলি বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বিজেএমসি এক ডিফেন্ডার। গোলটি অবশ্য মিঠুনকেই দিয়েছেন রেফারি তৈয়বুর রহমান।
তবে ম্যাচটা অমীমাংসিত রাখতে পারেনি মুক্তিযোদ্ধা। ৮৩ মিনিটে জিন জুলেসের সৌজন্যে তৃতীয় গোল পেয়ে যায় বিজেএমসি। মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডারের ভুলে বক্সের ঠিক সামনে বল পেয়ে দুর্দান্ত শটে জয়সূচক গোলটি করেন ক্যামেরুনের এই মিডফিল্ডার।
দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বিজেএমসির কোয়ার্টার ফাইনালে উত্তরণ অনেকটাই নিশ্চিত। গ্র“প পর্বে নিজেদের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ কক্সসিটি। দুই ম্যাচ খেলে মুক্তিযোদ্ধার সংগ্রহ তিন পয়েন্ট।
এই হারের জন্য দুই ডিফেন্ডার রেজাউল করিম ও আরিফুল ইসলাম এবং গোলরক্ষক মামুন খানকে আসামীর কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিক।
তিনি বলেন, “তাদের ভুলে শুরুতেই আমরা গোল খেয়ে বসি। তাছাড়া শাস্তি মওকুফ হওয়ার সুবাদে মাঠে নামার সুযোগ পাওয়া দুই স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী নিজেদের নামের প্রতি মোটেই সুবিচার করতে পারেনি। তাই দলকে হারতে হয়েছে।”
অন্যদিকে বিজেএমসির কোচ জাকারিয়া বাবু বলেন, “জয় পেয়ে দল খুশি ঠিকই, কিন্তু আমি পুরোপুরি সন্তুষ্ট নই। খেলোয়াড়রা অনেকগুলো সুযোগ নষ্ট করেছেন । নইলে আমরা বড় ব্যবধানে জিততে পারতাম।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২৭ঘ.
bdnews24