ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রিসবেন আন্তর্জাতিক টেনিসের সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন কিম ক্লাইস্টার্স। তার সঙ্গে শেষ চার নিশ্চিত করেছেন ফ্রানচেস্কা স্কিয়াভোনি, দানিয়েলা হানতুচোভা ও কাইয়া কানেপি।
বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ক্লাইস্টার্স ৬-৩, ৬-২ গেমে আইভেতা বেনেসোভাকে, স্কিয়াভোনি ৫-৭, ৭-৬, ৬-৩ গেমে ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে ও কানেপি ৬-১, ৭-৬ গেমে আন্দ্রে পেতকোভিচকে হারিয়েছেন। চোটের কারণে সেরেনা উইলিয়ামস সরে দাঁড়ানোয় সেমিফাইনালে উঠে গেছেন হানতুচোভা।
ম্যাচ শেষে ক্লাইস্টার্স বলেন, “যেভাবে খেলেছি তাতে আমি সন্তুষ্ট। আগের ম্যাচ চলার সময় আমি কিছুটা মনযোগ হারিয়ে ফেলেছিলাম। তাই এই ম্যাচে যেন তেমন না হয় সে ব্যাপারে সতর্ক ছিলাম ।”
প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ক্লাইস্টার্সের সেমিফাইনাল-প্রতিপক্ষ হানতুচোভা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৮ঘ.
bdnews24