ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির ঠিক উল্টো পথে হাঁটছে নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার উইনাইটেড। সিটি জয়ের পথে ফিরলেও সেই পথ খুঁজে পাচ্ছে না প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। বুধবার আবারো হার মানে তারা। এবার নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-০ গোলে।
সেই সঙ্গে শিরোপা জয়ের স্বপ্নও এলোমেলো হয়ে গেল তাদের। সিটির সঙ্গে পিছিয়ে পড়লো তিন পয়েন্ট।
নিজেদের মাঠে ইউনাইটেডকে ডেমবা বা লিগে তার ১৫তম গোল করে স্বাগত জানান খেলার ৩৩ মিনিটে। ফ্রি-কিক থেকে ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান ইয়োহান ক্যাবায়ে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ষোলোকলা পূর্ণ করেন ফিল জোন্স। নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। সেই সঙ্গে নিশ্চিত হয়ে যায় নিউক্যাসলের সপ্তম স্থান। ২০ খেলায় দলটির পয়েন্ট ৩৩, লিভাপুলের চেয়ে মাত্র এক কম। মঙ্গলবার ৩-০ গোলে হার মানে তারা সিটির কাছে।
লিগে ২০ খেলায় এটি ইউনাইটেডের তৃতীয় হার। ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও দলটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টটেনহ্যাম হটস্পার। মাত্র তিন পয়েন্ট পিছিয়ে থাকলেও তাদের হাতে আছে এক খেলা।
তবে আশা ছাড়ছেন না ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন, “ভয় পাওয়ার সময় এটা নয়। এ ধরনের পরিস্থিতি সামাল দেয়ার মতো অভিজ্ঞতা আমাদের আছে।” এর আগের খেলায় তার দল হার মানে ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ৩-২ গোলে।
দিনের অন্য খেলায় বোল্টন ওয়ান্ডারার্স ২-১ গোলে এভারটনকে হারিয়েছে। যদিও গোলরক্ষক টিম হাওয়ার্ড ফি-কিক থেকে গোল করে এগিয়ে নিয়েছিলেন এভারটনকে। শটটি নেন তিনি নিজেদের এলাকা থেকে। নাম বদলে ১৯৯২-৯৩ মৌসুম থেকে প্রিমিয়ার লিগ চালু করার পর এটা কোনো গোলরক্ষকের চতুর্থ গোল।
কিন্তু খুব একটা সময় এগিয়ে থাকতে পারেনি এভারটন। চার মিনিট পরই সমতায় ফেলে বোল্টন, ডেভিড এনগগের গোলে। আর খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে জয়সূচক গোল করেন গ্যারি কাহিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২১৭ ঘ.
bdnews24