ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্লু-তে আক্রান্ত হওয়ায় আগেই জানানো হয়েছিল, বুধবার খেলতে পারছেন না লিওনেল মেসি। কিন্তু মাঠে তার ছিটে-ফোঁটাও দেখা গেল না। উল্টো কোপা দেল রে’র শেষ ষোলোর খেলায় ওসাসুনার বিপক্ষে বার্সেলোনার ৪-০ ব্যবধানের বড় জয়ে অবদান রাখলেন দুই গোল করে। বাকি দু’টো গোল আসে সেস ফ্যাব্রেগাসের পা থেকে।
দিনের প্রথমভাগে বার্সেলোনা জানিয়েছিল, ফ্লু’র লক্ষণ দেখা দেয়ায় তাদের নক্ষত্র আজ মাঠে আলো ছড়াতে পারছেন না। কিন্তু খেলা শুরুর কিছুক্ষণ আগে জানানো হয়, চিকিৎসায় মেসি অনেকটা ভালো হয়ে গেছেন।
বদলী খেলোয়াড় হিসেবে মেসি মাঠে নামেন প্রথমার্ধের পর। মৌসুমে তিনি তার গোল সংখ্যা ৩১-এ নিয়ে গেলেন স্বভাবজাত খেলা খেলে। ফিরতি খেলায় তার দল মাঠে নামবে চার গোলে এগিয়ে থাকার বিশাল সুবিধা নিয়ে।
আগামী সপ্তাহের এই খেলায় ওসাসুনাকে বিদায় করে দিতে পারলে বার্সেলোনাকে কোয়ার্টার-ফাইনাল খেলতে হবে রিয়াল মাদ্রিদের সঙ্গে। অবশ্য তার আগে মালাগার বিদায় নিশ্চিত করতে হবে রিয়ালকে। দলটির বিপক্ষে রিয়াল ফিরতি খেলায় মাঠে নামবে ৩-২ গোলে এগিয়ে থেকে।
মেসি তার প্রথম গোল করেন সেস ফ্যাব্রেগাসের ‘ক্রস’ মাথা দিয়ে জালে পাঠিয়ে, খেলার ৭২ মিনিটে। দ্বিতয়টি দেন বাঁ পায়ের প্রচণ্ড শটে, যোগ করা সময়ে।
ফ্যাব্রেগাস তার দুই গোলের একটা করেন ১৫ মিনিটে। পরেরটা দেন ঠিক চার মিনিট পর।
ফ্লু-তে আক্রান্ত হওয়ায় গোলরক্ষক ভালদেস অবশ্য মাঠে নামতে পারেননি। তার বদলে খেলতে নামেন হোসে পিন্টো কলোরাডো।
দিনের অন্য খেলায় রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে জেতে মালোর্কার বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১১৩ ঘ.
bdnews24