ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতের ফুটবল কর্মকর্তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ক্লাবকে শাস্তি দিয়েছে বলে অভিযোগ করেছেন আল ওয়াসলের কোচ ডিয়েগো ম্যারাডোনা। একই সঙ্গে তার ও তার ক্লাবকে দেয়া শাস্তি ‘অতিরিক্ত’ বলেও উল্লেখ করেন আর্জেন্টিনার সাবেক গ্রেট।
গত বছর মে মাসে আল ওয়াসলের দায়িত্ব নেন ম্যারাডোনা। প্রতিপক্ষ কোচের সমালোচনা করায় ম্যারাডোনাকে জরিমানা এবং সমর্থকদের বিরূপ আচরণের কারণে নিজেদের মাঠ থেকে আল ওয়াসলের দুটি ম্যাচ সরিয়ে নেয়া হয়েছে।
ম্যারাডোনা বলেন, “আমার বিশ্বাস উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই নিষেধাজ্ঞা ও শাস্তি দেয়া হয়েছে। জরিমানাই যথেষ্ট ছিলো। কিন্তু আমাদের দুইটি খেলা সরিয়ে নেয়া সত্যিই অতিরিক্ত।”
“আমরা ছাড়া অন্য কোনো দলকে এই ধরণের শাস্তি পেতে আমি আগে কখনো দেখিনি। আমি খুবই দুঃখ পেয়েছি। ভক্তদের কারণে এ ধরণের কঠিন শাস্তি আমাদের প্রাপ্য নয়,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫১ঘ.
bdnews24