ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ৬-০ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ পুলিশকে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ফেনী সকার ক্লাব।
ঢাকার মাঠে অভিষিক্ত নাইজেরীয় স্ট্রাইকার লাকি পলের জোড়া গোল আবাহনীর বড় জয়ের উৎস। বিজয়ীদের অন্য চার গোলদাতা হেদায়েতুল্ল¬াহ রবিন, থুয়াম ফ্রাঙ্ক, আইডু ইব্রাহিম ও ওয়ালি ফয়সাল।
১৪ মিনিটের সময় এগিয়ে যায় আবাহনী। তৌহিদের কর্নার থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন রবিন (১-০)।
২ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন ঘানার স্ট্রাইকার থুয়াম ফ্রাঙ্ক । পুলিশের রক্ষণভাগের তিন জনকে কাটিয়ে প্লে¬সিং শটে গোলটি করেন তিনি (২-০)।
তৃতীয় গোলের জন্যও আবাহনীকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ৩১ মিনিটে ফ্রাঙ্কের বাড়ানো বল থেকে আড়াআড়ি শটে ব্যবধান ৩-০ করেন পল।
৩৭ মিনিটে ঘানার মিডফিল্ডার ইব্রাহিম করেন চতুর্থ গোল। নাসিরের ক্রস থেকে বল পেয়ে প্লে¬সিং শটে প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন তিনি।
দ্বিতীর্ধের শুরুতেই আরেকটি গোল পেয়ে যায় আবাহনী। ৫৪ মিনিটে ইব্রাহিমের ফ্রিকিক পুলিশের এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে ফিরতি শটে গোল করেন পল। তবে হ্যাটট্রিক করে অভিষেকটাকে আরো রাঙিয়ে রাখতে পারেননি।
৮৭ মিনিটে ওয়ালি ফয়সালের ফ্রিকিক সরাসরি চলে যায় জালে। তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেননি পুলিশের গোলরক্ষক আজম খান।
প্রথম ম্যাচেই সহজ জয় পেয়ে আনন্দিত আবাহনীর ইরানি কোচ আলী আকবর। তার আশা, পরের ম্যাচে আরো বড় ব্যবধানে জিতবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
তিনি বলেন, “গত বছরের তুলনায় এবার আবাহনীর স্থানীয় খেলোয়াড় সংগ্রহ ভালো হয়েছে। তাই দলটাও এবার আগের চেয়ে অনেক গোছানো। এই দলের বড় জয় পাওয়াই স্বাভাবিক।”
“তাছাড়া পুলিশ এতোই দুর্বল যে আবাহনীর সঙ্গে পাল্ল¬া দেয়ার সাধ্য তাদের ছিলো না। দুই/একজন ভালো খেলোয়াড় থাকলেও তাদের দলটি গোছানো নয়,” যোগ করেন তিনি।
আবাহনীর কোচ অবশ্য ফেডারেশন কাপ নিয়ে তেমন উদ্বিগ্ন নন। তিনি বলেন, “ফেডারেশন কাপের চেয়েও আমার কাছে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা। আমার সমস্ত ভাবনা জুড়ে শুধুই লিগ।”
পুলিশের কোচ সেলিম খান তার দলের শোচনীয় হারের জন্য দুষছেন রেফারি আজাদ রহমানকে। তিনি বলেন, “রেফারির কিছু-কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে। নইলে আমরা হয়তো এতো বড় ব্যবধানে হারতাম না।”
ফেডারেশন কাপে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও অগ্রণী ব্যাংক কেসি এবং কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শেখ রাসেল কেসি ও ভিক্টোরিয়া এসসি মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯১৪ঘ
bdnews24