২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দশ মিনিটের তিন গোলে রিয়ালের জয়

দশ মিনিটের গোল-বন্যায় ভেসে গেছে মালাগার সাজানো বাগান। দুই গোলে এগিয়ে গিয়েও কোপা দেল রে’র বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে মঙ্গলবার ৩-২ গোলে হার মানতে হয়েছে দলটিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 05:35 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দশ মিনিটের গোল-বন্যায় ভেসে গেছে মালাগার সাজানো বাগান। দুই গোলে এগিয়ে গিয়েও কোপা দেল রে’র বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে মঙ্গলবার ৩-২ গোলে হার মানতে হয়েছে দলটিকে। প্রতিযোগিতার শেষ ষোলোর খেলার আধ ঘণ্টার মধ্যে সার্জিও সানচেজ ও মার্টিন দেমিচেলিস মাথা দিয়ে গোল করে এগিয়ে নেন মালাগাকে। সেই সঙ্গে পাল্লা দিয়ে লড়েও যাচ্ছিল তারা রিয়ালের সঙ্গে। কিন্তু বদলি খেলোয়াড় হিসেবে সামি খেদিরা, মেসুত ওজিল ও করিম বেনজেমাকে মাঠে নামানোর পর পাল্টে যায় খেলার চিত্র। ৬৮ মিনিটে ‘ফ্লাড-গেইট’ খুলে দেন জার্মানির মাঝমাঠের খেলোয়াড় সামি খেদিরা। দুই মিনিট পর রক্ষণভাগের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে খেলায় ফেরান আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় গঞ্জালো হিগুয়াইন। ৭৮ মিনিটে রক্ষণভাগের কয়েকজন খেলোয়াড়ের ভেতর দিয়ে হিগুয়াইন বল ঠেলে দেন বেনজেমাকে। গোল করতে ভুল হয়নি তার। এরপর গোল ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেলেও তার একটিকেও কাজে লাগাতে পারেনি রিয়াল। দল দু’টো ফিরতি খেলায় মুখোমুখি হবে ১০ জানুয়ারি। তবে এই খেলায় জিতে কোয়ার্টার-ফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখলো রিয়াল। দিনের অন্যান্য খেলায় মিরানদেস ২-০ গোলে রেসিং সান্তান্দারকে ও আলকরকন ২-১ গোলে লেভান্তেকে হারায়। এছাড়া আলবাকেট ও অ্যাথলেটিক বিলবাও’র খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। গোল করতে পারেনি কোনো দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৮ ঘ.