ঢাকা, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠে ইদানিং সময়টা ভালো যাচ্ছিল না ম্যানচেস্টার সিটির। কিন্তু প্রিমিয়ার লিগে মঙ্গলবার স্বরূপে ফেরে তারা। লিভারপুলকে হারায় ৩-০ গোলে। যদিও খেলার শেষ দিকে দশজনকে নিয়ে খেলতে হয় পয়েন্ট তালিকার শীর্ষ দলটিকে।
এদিকে শিরোপার দৌড়ে নিজ গতি ধরে রেখেছে টটেনহ্যাম হটস্পারও। ১-০ গোলে জেতে তারা ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে। দিনের আরেক খেলায় সান্ডারল্যান্ড ৪-১ গোলে হারায় উইগ্যান অ্যাথলেটিককে।
মাত্র দু’দিন আগে সান্ডরল্যান্ডের কাছে হার মানলেও লিভারপুলের বিপক্ষে চোখ জুড়ানো ফুটবল খেলে ম্যান সিটি। নিজেদের মাঠে খেলার ৭৩ মিনিটে গ্যারেথ ব্যারিকে মাঠ থেকে বের করে দেয়ার পরও লিভারপুলকে খেলায় ফেরার কোনো সুযোগই দেয়নি তারা। প্রথমার্ধেই সার্জিও অ্যাগুয়েরো ও ইয়াইয়া তোরের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায়। লিভারপুলের কফিনে শেষ পেরেকটি ঠোকেন জেমস মিলনার, পেনাল্টি থেকে গোল করে।
এই খেলায় জয়ের ফলে ম্যান সিটির পয়েন্ট দাঁড়ালো ২০ খেলায় ৪৮, নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তিন বেশি। তবে এক খেলা হাতে আছে ইউনাইটেডের। আর টটেনহ্যামের চেয়ে সিটি এগিয়ে গেল ছয় পয়েন্ট। যদিও হোয়াইট হার্ট লেনে দলটি জেতে জার্মেইন ডিফোর গোলে।
শেষ দুই খেলায় জয়ের মুখ না দেখলেও খেলার ১১ মিনিটেই দলকে এগিয়ে নেন অ্যাগুয়েরো। ৩৩ মিনিটে মাথা দিয়ে ব্যবধান বাড়ান তোরে।
প্রথমার্ধেই এই দুই গোল শোধ করার চমৎকার সুযোগ পায় লিভারপুল। কিন্তু কাজে লাগাতে পারেনি একটাও। সিটি গোলরক্ষক জো হার্টকে একা পেয়েও গোল করতে পারেননি স্টুয়ার্ট ডাউনিং। এছাড়া ডার্ক কুইটের ভলি আটকে দেন রক্ষণভাগের খেলোয়াড় ভিনসেন্ট কম্পানি। তার ‘ব্লক’টা ছিল আসলেই দেখার মতো।
দ্বিতীয়ার্ধে বলতে গেলে কোনো সুযোগই পায়নি লিভারপুল। তারপরও দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে সিটির মাঝমাঠের খেলোয়াড় ব্যারির বেরিয়ে যাওয়ার পর দলটির জন্য একটা সুযোগ তৈরি হয়। কিন্তু তা বন্দী থাকে কেবল কাগজে-কলমে। অতিথি দলের রক্ষণভাগের খেলোয়াড় ড্যানিয়েল অ্যাগারকে ফাউল করায় হলুদ কার্ড দেখানো হয় ব্যারিকে।
এর দুই মিনিট পরই সিটি খেলাকে নিয়ে যায় লিভারপুলের নাগালের বাইরে। দলটির রক্ষণভাগের খেলোয়াড় মার্টিন স্ক্রটেল নিজেদের বিপদ সীমানায় তোরেকে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
শট নেন মিলনার। বল আশ্রয় নেয় জালের উপড়ের দিকে এক কোনায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫১ ঘ.
bdnews24