ঢাকা, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শীতকালীন দল-বদলের সময় নতুন কাউকে দলে নেয়া নয়, বরং বর্তমান দলটিকে ধরে রাখার ব্যাপারে অনেক বেশি উদ্বিগ্ন রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহো।
তিনি বলছেন, খেলোয়াড়দের দল ছেড়ে যাওয়া কিংবা কোনো খেলোয়াড়ের আসা নিয়ে তার আসলে বলার কিছু নেই। এ ব্যাপারে তার মন একেবারে খোলা।
তবে দল ছেড়ে কারো চলে যাওয়া চাইছেন না তিনি। তার মতে, বর্তমান দলটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ।
লা লিগার পয়েন্ট তালিকায় ১৬ খেলায় ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল, বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে তিন বেশি।
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর খেলায় রিয়াল মোকাবিলা করবে সিএসকেএ মস্কোকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৯ ঘ.
bdnews24