২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের হোঁচট, মুক্তিযোদ্ধার গোল-উৎসব

ফেডারেশন কাপ ফুটবলের শুরুতেই হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। দীর্ঘ দিন পর ফুটবলে ফিরেই দশ জনের দলে পরিণত বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। মোহামেডানের ব্যর্থতার দিনে গোল-উৎসব করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। তারা ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে কক্সসিটি এসসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 01:21 PM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপ ফুটবলের শুরুতেই হোঁচট খেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। দীর্ঘ দিন পর ফুটবলে ফিরেই দশ জনের দলে পরিণত বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। মোহামেডানের ব্যর্থতার দিনে গোল-উৎসব করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র। তারা ১০-০ গোলে উড়িয়ে দিয়েছে কক্সসিটি এসসিকে। সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান হেরে গেলেও অবাক হওয়ার কিছু ছিলো না। ঐতিহ্যবাহী দলটি প্রতিটি বিভাগেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। তূলনামূলক বেশি আক্রমণ রচনা করেছে প্রায় তিন দশক পর ঢাকার ফুটবলে খেলতে আসা বিজেএমসি। তারা দুটি সহজ সুযোগ নষ্ট করেছে। প্রথমটি ১৪ মিনিটের সময়। নাইজেরীয় স্ট্রাইকার আব্দুল রশিদের আড়াআড়ি পাস থেকে আলফাজ আহমেদের বাঁ পায়ের শট মোহামেডানের গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটুর হাত ছুঁয়ে চলে যায় বাইরে। ৩৮ মিনিটে দ্বিতীয় সুযোগ নষ্ট করে বিজেএমসি। এবারও ব্যর্থ হয় আলফাজের প্রচেষ্টা। বিজেএমসি অধিনায়কের শট রুখে দিয়ে আরও একবার মোহামেডানকে বাঁচান টিটু। ৭৫ মিনিটে মোহামেডানের স্ট্রাইকার ওয়াহেদকে ফাউল করার অপরাধে লাল কার্ড পান বিজেএমসির ডিফেন্ডার খান শরিফ। কিন্তু দশ জনের বিপক্ষেও কিছুই করতে পারেনি মোহামেডান। পুরো ম্যাচে মোহামেডান গোল করার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। আসলে তাদের মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে তেমন বোঝাপড়া ছিলো না। চার বিদেশী ফুটবলারও প্রথম দিনে নিজেদের মেলে ধরতে ব্যর্থ। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বিশাল জয়ে বড় অবদান মামুনুল ইসলামের হ্যাটট্রিকের। তবে পঞ্চম মিনিটে গোল-বন্যার সূচনা করেন রাজন মিয়া। মৌসুমের প্রথম হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখানো মামুনুলের গোল তিনটি আসে ২৫, ৪৩ ও ৭৫ মিনিটে। মুক্তিযোদ্ধার অন্য ৬ গোলদাতা আরিফুল ইসলাম, রোকনুজ্জামান কাঞ্চন, শাকিল আহমেদ, সামির ওমারি, নাসির উদ্দিন ও ফিরোজ মাহমুদ টিটো। গোলের নিচে চাপা পড়ার লজ্জায় পড়া কক্সসিটি ম্যাচটা ১১ জন নিয়েও শেষ করতে পারেনি। ৬১ মিনিটে বক্সের বাইরে এসে বল ধরা এবং সামির ওমারিকে ফাউল করার দায়ে লাল কার্ড পান কক্সসিটির গোলরক্ষক রাজন বড়–য়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৮৫৪ঘ.