ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এসি মিলানের আক্রমণভাগের খেলোয়াড় জ্লাতন ইব্রাহিমোভিচ কার্লোস তেভেজকে তার দলে দেখতে চান। তিনি বলেন, ম্যানচেস্টার সিটির এই খেলোয়াড় ইতালির দলটির জন্য বাড়তি অস্ত্র হয়ে উঠবেন।
আর্জেন্টিনার এই খেলোয়াড়কে দলে নেয়ার জন্য মিলান এই মুহূর্তে আলোচনা চালিয়ে যাচ্ছে সিটির সঙ্গে। সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে নামার আগে গা-গরম করতে অস্বীকার করার পর তেভেজকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ ও তার দুই সপ্তাহের বেতন জরিমানা করা হয়। এরপর থেকে তাকে খেলানো হচ্ছে না।
“তেভেজ মিলানে আসছেন কি না, তা আমি জানি না। তবে আসলে তিনি আমাদের জন্য বাড়তি অস্ত্র হয়ে উঠবেন,” বলেন ইব্রাহিমোভিচ, “প্রত্যেকই জানেন, কি ধরনের খেলোয়াড় তেভেজ। তিনি যোগ দিলে দলের খেলায় বাড়তি মানও ফুটে উঠবে।”
ইব্রাহিমোভিচ তেভেজকে চমৎকার খেলোয়াড় হিসেবে অভিহিত করেন।
প্যারিস সেইন্ট-জার্মেইনের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে ইব্রাহিমোভিচ এখন দুবাইয়ে আছেন। খেলা হবে বুধবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩২ ঘ.
bdnews24