২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়দের ফুটবল বুঝতে বললেন মানচিনি

আক্রমণ ছাড়াও ফুটবল খেলায় আরো অনেক কিছু আছে-সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হারার পর খেলোয়াড়দের এই বিষয়টা বুঝতে বললেন ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 07:47 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আক্রমণ ছাড়াও ফুটবল খেলায় আরো অনেক কিছু আছে-সান্ডারল্যান্ডের কাছে ১-০ গোলে হারার পর খেলোয়াড়দের এই বিষয়টা বুঝতে বললেন ম্যানচেস্টার সিটি কোচ রবার্তো মানচিনি। সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইট থেকে জিতে বাড়ি ফেরার পাশাপাশি নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে যাওয়ার আশা করেছিল ম্যান সিটি। কিন্তু শেষ পর্যন্ত বাড়ি ফিরেছে খালি হাতে। ৪৫ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের সঙ্গেই রয়ে গেছে তারা। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এখনো শীর্ষেই আছে। সিটি মঙ্গলবার ইস্টল্যান্ডে খেলবে পয়েন্ট তালিকার ছয় নম্বর দল লিভারপুলের বিপক্ষে। আর মানচিনি চান না তার খেলোয়াড়রা একই ভুল করুক সেই খেলায়। “ফুটবল খেলাটা আমি বুঝি। আর এ কারণেই শেষ ১৫ মিনিট ঘর সামলানোর দিকে নজর দেয়ার জন্য চিৎকার করতে করতে আমার গলা প্রায় বসে গেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আসলেই সে সময় সান্ডারল্যান্ড ভয়ঙ্কর হয়ে উঠেছিল, বলেন এই ইতালিয়ান। “মনে হচ্ছিল, আমার খেলোয়াড়দের দশ জনই আক্রমণভাগে খেলছেন। কিন্তু এভাবে খেলা কখনোই সম্ভব নয়,” যোগ করেন তিনি। মানচিনি বলেন, শেষ দুই খেলায় খেলোয়াড়রা গোল করতে পারেননি বলে তিন উদ্বিগ্ন নন। তবে ঠিক মতো যখন পাল্টা আক্রমণ চালানো সম্ভব হচ্ছে না, তখনকার সেই পরিস্থিতি না বুঝে খেলাই তাকে উদ্বিগ্ন করে তুলেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আসলে পরিস্থিতি বুঝে খেলোয়াড়দের খেলতে হবে। “এই অবস্থার উন্নতি করা দরকার। আমরা গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছি। কিন্তু কখনো কখনো গোল পাওয়া যায় না, জেতাও সম্ভব হয় না। সে অবস্থায় আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে, আপনি হারছেন না,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৩৮ ঘ.