ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিকোলাস আনেলকার পর কি চীনের সুপার লিগে পাড়ি জমাতে যাচ্ছেন চেলসি অধিনায়ক জন টেরি? অন্তত এমনই খবর দিয়েছে ইংল্যান্ডের একটি পত্রিকা। তবে আনেলকার মতো একেবারে নয়, টেরিকে ধার নিতে চাইছে চীনের সুপার লিগের দু’টো দল।
পত্রিকাটির খবরে বলা হয়, সাংহাই শেনহুয়া ও গুয়াংঝৌ এভারগ্রান্ডে, দুটো দলই ইংল্যান্ড অধিনায়ক টেরিকে সাপ্তাহিক দুই লাখ পাউন্ড বেতনে ধার নেয়ার প্রস্তাব দেয়ার পরিকল্পনা করেছে।
দুই দলই আশা করছে, ইংল্যান্ডের প্রচার মাধ্যমের নজর থেকে দূরে সরে থাকার এই সুযোগ অবশ্যই কাজে লাগাবেন টেরি। কুইন্স পার্ক রেঞ্জার্সের অ্যান্টন ফার্ডিনান্ডকে বর্ণবাদী শব্দ ব্যবহার করে গালি দেয়ার অভিযোগে টেরির বিরুদ্ধে এখন তদন্ত চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৮ ঘ.
bdnews24