২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অঘটনের শিকার ম্যান সিটি

বিদায়ী বছরের শেষ দিন অঘটনের শিকার হলো ম্যানচেস্টার ইউনাইটেড, আর নতুন বছরের প্রথম দিন ম্যানচেস্টার সিটি। ফলে শিরোপা জয়ের ফিকে হয়ে যাওয়া আশা আবারো গাঢ় রঙ পেল ম্যান ইউ’র। দলটির নগর প্রতিপক্ষ সিটিকেও যে রোববার প্রিমিয়ার লিগে দ্বিতীয় হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে খেলা শেষের বাঁশি বাজার মাত্র চার সেকেন্ড। পয়েন্ট তালিকার ১৩ নম্বর দল সান্ডারল্যান্ডের কাছে হার মানে তারা ১-০ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 05:32 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিদায়ী বছরের শেষ দিন অঘটনের শিকার হলো ম্যানচেস্টার ইউনাইটেড, আর নতুন বছরের প্রথম দিন ম্যানচেস্টার সিটি। ফলে শিরোপা জয়ের ফিকে হয়ে যাওয়া আশা আবারো গাঢ় রঙ পেল ম্যান ইউ’র। দলটির নগর প্রতিপক্ষ সিটিকেও যে রোববার প্রিমিয়ার লিগে দ্বিতীয় হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে খেলা শেষের বাঁশি বাজার মাত্র চার সেকেন্ড। পয়েন্ট তালিকার ১৩ নম্বর দল সান্ডারল্যান্ডের কাছে হার মানে তারা ১-০ গোলে। সান্ডারল্যান্ডের মাঠ স্টেডিয়াম অব লাইট থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফেরার আশা ছিল ম্যান সিটির। কিন্তু তা তো পারেইনি, এক পয়েন্ট নিয়ে ফেরার আশাও ভেস্তে যায় দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের দুই মিনিট ৫৬ সেকেন্ডে। সান্ডারল্যান্ডের স্তেফানে সেসেগনন আড়াআড়িভাবে বল ঠেলে দেন প্রতিপক্ষের গোলমুখে। দলের আক্রমণভাগের দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় জি ডং-ওন দৌড়ে গিয়ে আলতো টোকায় বল পাঠিয়ে দেন ম্যান সিটির জালে। টেলিভিশন চিত্রে অবশ্য দেখা যায় অফসাইডে ছিলেন জি। আসলে কপালও সঙ্গে ছিল না ম্যান সিটির। বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করে দলটি। খেলা শেষে তাই আক্ষেপ করতেই পারেন কোচ রবার্তো মানচিনি, “পুরো বিষয়টিকেই আমার অবিশাস্য বলে মনে হচ্ছে। গোলের কতগুলো যে সুযোগ আমরা পেয়েছি, তা আমিই বলতে পারবো না।” মৌসুমের মাঝামাঝি এই সময়ে ১৯ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যান সিটি। সমান খেলায় ম্যান ইউ’রও পয়েন্ট ৪৫। তবে গোল ব্যবধানে পিছিয়ে আছে দলটি। চতুর্থ আর্সেনালের পয়েন্ট ৩৬। তৃতীয় টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৯ হলেও এক খেলা হাতে আছে দলটির। দিনের অন্য খেলায় ভিক্টর অ্যানিশেবের গোলে এভারটন ১-০ গোলে জেতে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে। অ্যানিশেব গোলটি করেন ৮৭ মিনিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৮ ঘ.