২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপের আসল লড়াই সোমবার থেকে

সোমবার থেকে শুরু হচ্ছে মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপের মূল পর্ব। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এবং কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও কক্সসিটি এসসি মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে বেলা ৩ টায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার থেকে শুরু হচ্ছে মৌসুমের প্রথম ফুটবল টুর্নামেন্ট ফেডারেশন কাপের মূল পর্ব। উদ্বোধনী দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এবং কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও কক্সসিটি এসসি মুখোমুখি হবে। দুটি ম্যাচই শুরু হবে বেলা ৩ টায়। সোমবারের ম্যাচ নিয়ে মোহামেডানের কোচ এমেকা ইউজিগো ভীষণ রোমাঞ্চিত। এক সময় মোহামেডানের জার্সি গায়েই ঢাকার মাঠ মাতিয়ে যাওয়া এমেকা বলেন, “আমি যেন সেই আশির দশকে ফিরে গেছি। এই মাঠে খেলোয়াড় হিসেবে আমার পদচারণা ছিলো। অনেক সাফল্যও পেয়েছি এখানে। এখন মোহামেডানে এসেছি কোচ হিসেবে। আশা করি এবারও ব্যর্থ হবো না।” “যদিও নানা সমস্যার কারণে মোহামেডান এ মৌসুমে ভালো দল গড়তে পারেনি। তবে এই দল নিয়েও আমি লড়াই করতে পারবো। কারণ ফুটবল এগারো জনের খেলা,” যোগ করেন তিনি। বিজেএমসি কোচ ওয়াজেদ গাজী শুভ সূচনার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, “যেমন দলই করুক না কেন, প্রতিপক্ষ হিসেবে মোহামেডান অবশ্যই শক্তিশালী দল। তবে তাদের হারানোর সামর্থ্যও আমাদের আছে। আশা করি আমরা জয় দিয়েই শুরু করবো।” মুক্তিযোদ্ধা অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের সঙ্গে খেলবে। যদিও কক্সসিটি সম্পর্কে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল ইসলাম মানিকের কণ্ঠে যথেষ্ট শ্রদ্ধা। তিনি বলেন, “কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখার অবকাশ নেই। তবে আমার লক্ষ্য জয়। এছাড়া আর কিছু আপাতত ভাবছি না।” তবে নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের দুই স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী এবং নাইজেরীয় স্ট্রাইকার সানডে সিজোবার অনুপস্থিতি সমস্যায় ফেলতে পারে মুক্তিযোদ্ধাকে। গত বছর জাতীয় দলের ক্যাম্প থেকে বিনা অনুমতিতে মানিকগঞ্জে খেলতে যাওয়ার অপরাধে ৫ ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পান এমিলি ও মিঠুন। দুজনকে দুই লাখ টাকা করে জরিমানাও করা হয়। দুজনেই শাস্তি মওকুফের আবেদন করলেও নির্ধারিত সময়ে জরিমানার টাকা পরিশোধ না করায় এখনো তাদের ক্ষমা করেনি বাফুফে। আর মাঠে অশোভন আচরণের দায়ে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয় সানডেকে। গত মৌসুমে মোহামেডানের হয়ে সুপার কাপের ফাইনালে গোল করার পর দৃষ্টিকটুভাবে উদযাপন করেছিলেন তিনি। প্রথম ম্যাচেই এই তিন জনকে না পাওয়ায় মুক্তিযোদ্ধার স্বস্তিতে থাকার কথা নয়। শফিকুল ইসলাম মানিক অবশ্য এ নিয়ে তেমন দুশ্চিন্তায় নেই। তিনি বলেন, “আমি বিষয়টিকে বড় ক্ষতি হিসেবে দেখছি না। অন্যরা এই তিন জনের অনুপস্থিতি পুষিয়ে দেবে বলেই আমার বিশ্বাস।” এবারের ফেডারেশন কাপে ১৬টি দল চারটি গ্র“পে ভাগ হয়ে অংশ নিচ্ছে। এই ১৬ দলের ১১টি বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবং বাকি ৫টি এসেছে বাছাই পর্ব পেরিয়ে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ টাকার অর্থ পুরস্কার পাবে। আর রানার্সআপ দলকে দেয়া হবে ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ২৫ হাজার টাকা। সর্বোচ্চ গোলদাতার জন্য থাকবে সমপরিমাণ অর্থপুরস্কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১১৫ঘ.