মাহমুদুল হাসান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রীড়া প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় তিন দশক পর শীর্ষ পর্যায়ের ফুটবলে ফিরেছে বিজেএমসি। ১৯৮২ সালে দ্বিতীয় বিভাগ লিগ থেকে অবনমনের পর ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলো তারা। মৌসুমের প্রথম আসর ফেডারেশন কাপে সোমবার মোহামেডানের বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবলে আবার যাত্রা শুরু করতে যাচ্ছে তারা।
দীর্ঘ দিন পর বিজেএমসিকে ফুটবলে ফিরিয়ে আনতে বিশাল ভূমিকা জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান জয়ের। মূলত তার উদ্যোগেই বিজেএমসি এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলবে।
যদিও তাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নেয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনাও কম হয়নি। পেশাদার লিগের দ্বিতীয় স্তরে না খেলে সরাসরি মূল স্তরে খেলার সুযোগ পেয়েছে তারা। ফুটবলাঙ্গনের অনেকেই যে সিদ্ধান্তকে ‘অনৈতিক’ বলে রায় দিয়েছেন। তবু ফুটবলে বিজেএমসির প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন অনেকেই। কারণ ফুটবল থেকে তাদের যেমন অনেক প্রাপ্তি তেমনি বাংলাদেশকে অনেক গুণী ফুটবলারও উপহার দিয়েছে তারা।
স্বাধীনতার পর ঢাকার প্রথম বিভাগ ফুটবল লিগে দুবার চ্যাম্পিয়ন হয়েছিলো বিজেএমসি। অবশ্য ভিন্ন নামে। ১৯৭৩ সালে বিআইডিসি এবং ১৯৭৯ সালে বিজেআইসি নামে শিরোপা জিতেছিলো তারা। ১৯৭৫ ও ’৮০ সালে দুবার রানার্সআপ হওয়ার কৃতিত্বও তাদের।
স্বাধীনতার আগে ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন (ইপিআইডিসি) এবং স্বাধীনতার পর বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন (বিআইডিসি), বাংলাদেশ জুট ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন (বিজেআইসি) এবং সবশেষে বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) নাম ধারণ করে মাঠে আলো ছড়িয়েছে তারা।
তবে শুধু সাফল্যের জন্য খেলেনি। জন্ম দিয়েছে অনেক দুর্দান্ত ফুটবলারেরও। এনায়েত-সালাম-আসলাম ছাড়াও ছোট নাজির, বাসু, সুহাস, কাওসার, গোবিন্দ, আনোয়ার, মোতালেব, মুকুল, হাসান, সাথী, লোভন আর আমিনুরদের মতো অনেক শিল্পী-ফুটবলার বিভিন্ন সময়ে ঢাকার মাঠ মাতিয়েছেন বিজেএমসির জার্সি গায়ে। এখনও তাদের ফুটবল-শৈলী বহু ফুটবলামোদীর স্মৃতিতে উজ্জ্বল।
দীর্ঘ পর ফুটবলে প্রত্যাবর্তন কেমন হবে ? তারা কি অতীতের মতো আবারও সাফল্যের আলোয় উদ্ভাসিত হয়ে উঠতে পারবে? বিজেএমসির পরিচালক আরিফ খান জয় কিন্তু ভীষণ আশাবাদী। তিনি বলেন, “আমাদের দলটি যথেষ্ট গোছানো। বিজেএমসিতে জাতীয় দলের বেশ কয়েক জন ফুটবলার আছেন। আশা করি ভালোই করবো আমরা।”
অবশ্য কাগজে-কলমে বিজেএমসি তেমন ভালো দল গড়তে পারেনি। আলফাজ আহমেদ, অমিত খান শুভ্র, আবুল হোসেন তাদের তিন উল্লেখযোগ্য ফুটবলার। আলফাজ এখন ফুটবল-জীবনের শেষ প্রান্তে। অন্যরাও ইদানীং যথেষ্ট অনুজ্জ্বল।
তবু রোববার বছরের প্রথম দিনে আলফাজের হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে বিজেএমসি। আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দিয়েছেন পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী । ব্যক্তিগতভাবে প্রত্যেক খেলোয়াড়কে এক লাখ টাকা করে এবং কোচ ওয়াজেদ গাজীকে পাঁচ লাখ টাকা দেয়ার প্রতিশ্র“তিও দিয়েছেন তিনি।
এই প্রণোদনা বিজেএমসির খেলোয়াড়দের সাফল্যের পথে নিয়ে যেতে পারে কিনা তার উত্তর আপাতত সময়ের হাতে তোলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/১৯২২ঘ.
bdnews24