ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কার্লোস তেভেজকে নিয়ে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি।
তেভেজকে নিয়ে গত মৌসুম থেকেই মানচিনির ঝামেলা চলছে। সর্বশেষ ঝামেলা হয় গত বুধবার। সেদিন চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে রাজি হননি আর্জেন্টিনার ফরোয়ার্ড তেভেজ। ঐ খেলায় ২-০ গোলে হেরে যায় ইংল্যান্ডের দলটি। এরপর তেভেজকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করে ম্যান সিটি।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে মানচিনি বলেন, "আপনারা কেন ভাবছেন আমার জন্য এটি কঠিন সময়? কারো চাকরি এবং ফুটবল-জীবনে অনেক ঘটনাই ঘটতে পারে। অতীত নিয়ে টানাটানি না করাই ভালো।"
"তেভেজের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার মাথায় শুধু একটা কথাই ঘুরছে। তা হলো দু দিন আগে (বুধবার) বায়ার্ন মিউনিখের কাছে আমরা হেরে গিয়েছি," যোগ করেন তিনি।
তেভেজের খেলতে না নামার বিষয়টিও মানচিনি সহজভাবেই নিচ্ছেন। তিনি বলেন, "গুরুত্বপূর্ণ খেলায় মাঠে নামার পরিবর্তে বাইরে বসে থাকতে হলে যে কেউই অখুশি হবে। এটাই স্বাভাবিক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১১০ঘ.
bdnews24