২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমারকে রিয়ালে দেখতে চান কার্লোস

সান্তোসের নেইমারকে রিয়াল মাদ্রিদে দেখতে চান দলটির সাবেক খেলোয়াড় রবার্তো কার্লোস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সান্তোসের নেইমারকে রিয়াল মাদ্রিদে দেখতে চান দলটির সাবেক খেলোয়াড় রবার্তো কার্লোস। বর্তমানে রাশিয়ার ক্লাব আনঝি মাখাচকালার কোচ ও অধিনায়কের দায়িত্ব পালন করছেন কার্লোস। গত বৃহস্পতিবার ক্লাবটির কোচের পদ থেকে বরখাস্ত করা হয় গাদঝি গাদঝিয়েভকে। অধিনায়কত্ব আগেই ছিলো। পাশাপাশি মাখাচকালার কোচের দায়িত্বও এখন কার্লোসের কাঁধে। কিছু দিন আগে রেকর্ড পরিমাণ পারিশ্রমিক দিয়ে ইন্টার মিলান থেকে স্যামুয়েল এতোকে দলে টেনে বিশ্ব ফুটবলে হৈ-চৈ ফেলে দিয়েছে আনঝি। গুঞ্জন ছিল, রিয়াল মাদ্রিদের হোসে মরিনহোকেও কোচ হিসেবে পেতে চায় তারা। মরিনহো অবশ্য উড়িয়ে দিয়েছেন গুঞ্জনটা। এ সব কারণেই এত দিন অপরিচিতির আড়ালে ঢাকা পড়ে থাকা মাখাচকালা এখন ইউরোপীয় ফুটবলাঙ্গনের অন্যতম আলোচিত দল। দলবদলের সময় ব্রাজিলের ক্লাব সান্তোসের তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়েও কম আলোচনা হয়নি। তাকে দলে টানতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কিন্তু নেইমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন আগামী ডিসেম্বরে জাপানে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত সান্তোস ছাড়বেন না তিনি। কার্লোস অবশ্য নেইমারকে রিয়াল ছাড়া অন্য কোথাও দেখতে চান না। ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জয়ী এই লেফট ব্যাক রেডিও মার্কাকে বলেন, "গত সপ্তাহে নেইমারের সঙ্গে আমার কথা হয়েছে। সব বাদ দিয়ে আমি তাকে রিয়ালে যোগ দিতে বলেছি।" "সে হলো সান্তোসের ক্রিস্টিয়ানো রোনালদো। আশা করি সে রিয়ালে যোগ দেবে," যোগ করেন কার্লোস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৭২৪ঘ.