ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যান প্যাসিফিক ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন রাশিয়ার মারিয়া শারাপোভা। পেত্রা কেভিতোভার বিপক্ষে বৃহস্পতিবার প্রথম সেটের খেলা চলাকালে চোটের কারণে নাম প্রত্যাহার করে নেন তিনি।
চেক প্রজাতন্ত্রের কেভিতোভা প্রথম সেটে ৪-৩ গেমে এগিয়ে ছিলেন। অষ্টম গেমে সার্ভ করার সময় বাঁ পায়ের গোঁড়ালিতে চোট পান শারাপোভা। এরপর ট্রেনারের সঙ্গে কথা বলে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান তিনি।
এ বছর শারাপোভাকে হারিয়েই উইম্বলডন শিরোপা জিতেছেন কেভিতোভা।
সেমিফাইনালে কেভিতোভা মুখোমুখি হবেন রাশিয়ার ভেরা জভোনারেভার। আর বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা খেলবেন পোল্যান্ডের আগনিয়েস্কা রাদওয়ানস্কার বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালে জভোনারেভা ৬-৩, ৬-৩ গেমে হারান স্বদেশি মারিয়া কিরিলেঙ্কোকে।
অন্য কোয়ার্টার ফাইনালে আজারেঙ্কা ৭-৫, ৬-০ গেমে হারান ফ্রান্সের মারিয়ন বার্তোলিকে।
bdnews24