২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুবালার পাশে মেসি

বার্সেলোনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লাডিসলাও কুবালাকে ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসি। দু'জনই গোল করেছেন ১৯৪টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বার্সেলোনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা লাডিসলাও কুবালাকে ছুঁয়ে ফেলেছেন লিওনেল মেসি। দু'জনই গোল করেছেন ১৯৪টি। মিনস্কে অতিথি হয়ে খেলতে গিয়ে বেলারুশের বাতে বরিসভের বিপক্ষে দুই গোল করে কুবালার পাশে জায়াগ করে নেন মেসি। গোল দু'টোর একটি করেন তিনি প্রথমার্ধে ও দ্বিতীয়টি দ্বিতীয়ার্ধে। খেলায় ৫-০ গোলে জেতে স্পেনের দলটি। খেলায় অপর তিনটি গোলের একটি আসে পেদ্রো রড্রিগুয়েজের পা থেকে। আরেকটি দেন দাভিদ ভিয়া। আর অপর (খেলার প্রথম গোল) গোলটি বার্সা পায় ভাগ্যে জোরে। বরিসভের আলেক্সান্দার ভোলোদকো নিজেই নিজেদের জালে বল ঢুকিয়ে দেন। খেলা শেষে মেসি তার প্রতিক্রিয়ায় বলেন, "বার্সার ইতিহাসে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন কুবালার সমান গোল করতে পেরে নিঃসন্দেহে আমি খুশি।" "আমি আগেই জানতাম যে কুবালার সমান গোল করতে পারবো। তবে গোল করার চিন্তা মাথায় নিয়ে খেলতে নামিনি। সব সময় যেভাবে খেলি, এই ম্যাচেও আমি সেভাবে খেলে গেছি," যোগ করেন তিনি। মেসির এই সাফল্যে খুশি কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, "মাত্র ২৪ বছর বয়সে বার্সার একজন কিংবদন্তী খেলোয়াড়ের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। এর বেশি আমি কিছু বলতে চাই না, শুধু মাত্র তাকে শুভেচ্ছা জানানো ছাড়া।" এবার নিয়ে বার্সায় টানা আট মৌসুম ধরে খেলছেন ২৪ বছর বয়সী মেসি। লা লিগায় রোববার স্পোর্টিং গিজনের বিপক্ষে খেলায় কুবালাকে টপকে যাওয়ার একটি সুযোগ পাবেন তিনি। ১৯৫১ সাল থেকে কুবালা বার্সায় খেলেন পুরো এক দশক। বার্সার ইতিহাসে সবচেয়ে বেশি ২৩৫ গোল করেন সিজার রড্রিগুয়েজ। দলটিতে তিনি খেলা শুরু করেন ১৯৪২ সালে এবং খেলে যান ১৯৫৫ সাল পর্যন্ত। গত মৌসুমে যেভাবে গোল করে যান মেসি তা ধরে রাখতে পারলে এ মৌসুমেই তিনি ছেড়ে যেতে পারেন রড্রিগুয়েজকে। এ ব্যাপারে অবশ্য আশাবাদী গার্দিওলাও, "দল ত্যাগ না করলে মেসি ঠিকই ধরে ফেলবেন সিজারকে। তাকে (সিজার) ধরতে না পারার আর কোনো কারণ তো আমি দেখছি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৫ ঘ.