২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জোড়া গোলে নাকাল বরিসভ

চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির জোড়া গোলের ওপর ভর করে বাতে বরিসভকে ৫-০ গোলে নাকাল করেছে বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 05:00 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির জোড়া গোলের ওপর ভর করে বাতে বরিসভকে ৫-০ গোলে নাকাল করেছে বার্সেলোনা। এছাড়া জিতেছে আর্সেনাল, বায়ার লেভারকুসেন, মার্সেই, এসি মিলান ও জেনিত। আর ১-১ গোলে ড্র হয়েছে ভালেন্সিয়া ও চেলসি এবং শাখতার দনেৎস্ক ও অ্যাপোয়েলের খেলা। লেভারকুসেন ২-০ গোলে গেঙ্ককে, জেনিত ৩-১ গোলে পোর্তোকে, আর্সেনাল ২-১ গোলে অলিম্পয়াকোসকে, মার্সেই ৩-০ গোলে বরুসিয়া ডর্টমুন্ডকে ও মিলান ২-০ গোলে হারায় ভিক্টোরিয়া প্লোজেনকে। মিনস্কে অতিথি হয়ে খেলতে গিয়ে বার্সেলোনা কাঁদিয়ে ছেড়েছে বরিসভকে। মেসি গোল করেন প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে অপরটি। সেই সঙ্গে বার্সার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কুবালার পাশে গিয়ে বসেন তিনি। কুবালা গোল করেছেন ১৯৪টি। "বার্সার ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তি কুবালার সমান গোল করতে পেরে নিঃসন্দেহে আমি খুশি," খেলা শেষে বলেন মেসি, "আমি জানতাম যে কুবালার সমান গোল করতে পারবো আমি। তবে গোল করার চিন্তা মাথায় নিয়ে খেলতে নামিনি। আমি সব সময় যেভাবে খেলি, এই ম্যাচেও সেভাবে খেলে গেছি।" খেলার ১৯ মিনিটে বরিসভের আলেক্সান্দার ভোলোদকোর আত্মঘাতী গোলে এগিযে যায় বার্সেলোনা। পেদ্রো রড্রিগুয়েজ ব্যবধান বাড়ান ২২ মিনিটে। ৩৮ মিনিটে মেসি গোল করলে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় স্পেনের ক্লাবটি। খেলার ৫৬ মিনিটে বক্সের ভেতর থেকে তীব্র শট নেন মেসি। এতে এতটাই গতি ছিল যে বলের লাইনেই যেতে পারেননি বরিসভ গোলরক্ষক। বেলারুশের দলটির কফিনে শেষ পেরেকটি ঠোকেন দাভিদ ভিয়া ৯০ মিনিটে। খেলায় ছোট্ট একটা বিস্ময় উপহার দেন গার্দিওলা। চোট থেকে সুস্থ হয়ে ফেরার পরও রক্ষণভাগের খেলোয়ড় গেরার্ড পিকেকে আবারো বসিয়ে রাখেন তিনি। তার বদলে মাঝমাঠের খেলোয়াড় হ্যাভিয়ের মাসচেরানোকে খেলান তিনি রক্ষণভাগে পুযোলের সঙ্গে। এবার নিয়ে বার্সায় টানা আট মৌসুম খেলছেন ২৪ বছর বয়সী মেসি। লা লিগায় রোববার স্পোর্টিং গিজনের বিপক্ষে খেলায় কুবালাকে টপকে যাওয়ার সম্ভাবনা আছে তার। ১৯৫১ সাল থেকে কুবালা বার্সায় খেলেন পুরো এক দশক। বার্সার ইতিহাসে সবচেয়ে বেশি ২৩৫ গোল করেন সিজার রড্রিগুয়েজ। দলটিতে তিনি খেলা শুরু করেন ১৯৪২ সালে এবং খেলে যান ১৯৫৫ সাল পর্যন্ত। গত মৌসুমে যেভাবে গোল করে যান মেসি তা ধরে রাখতে পারলে এ মৌসুমেই তিনি ছেড়ে যাবেন রড্রিগুয়েজকে। মেসির এই সাফল্যে খুশি কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, "মাত্র ২৪ বছর বয়সে বার্সার একজন কিংবদন্তী খেলোয়াড়ের রেকর্ড ছুঁয়ে ফেললেন মেসি। এর বেশি আমি কিছু বলতে চাই না, শুধু মাত্র তাকে শুভেচ্ছা জানানো ছাড়া।" এরপর অবশ্য বলেই ফেলেন তিনি আসল কথাটা, "দল ত্যাগ না করলে মেসি ঠিকই ধরে ফেলবেন সিজারকে। তাকে (সিজার) ধরতে না পারার আর কোনো কারণ নেই।" এই জয়ের ফলে এইচ গ্র"পে বার্সার পয়েন্ট দাঁড়ালো ৪। প্লোজেনকে হারানোয় মিলানেরও পয়েন্ট ৪। এখনো পয়েন্টের মুখ দেখেনি বরিসভ ও প্লোজেন। ঘরের মাঠে গেঙ্কের বিপক্ষে লেভারকুসেনকে ৩০ মিনিটে এগিয়ে নেন লারস বেন্ডার। খেলা শেষের বাঁশি বাজার আগে আগে গেঙ্কের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মাইকেল বালাক। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আট মিনিটেই আর্সেনালকে এগিয়ে নেন অ্যালেক্স চেম্বারলিন। ২০ মিনিটে ব্যবধান বাড়ান আন্দ্রে স্যান্টোস। অলিম্পিয়াকোসের হয়ে একটি গোল শোধ করেন ডেভিড ফুস্টার। স্তাদে ভেলোড্রমে অতিথি ডর্টমুন্ডের বিপক্ষে মার্সেইকে এগিয়ে নেন আন্দ্রে এইউ, ২০ মিনিটে। ৬২ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন লুইস রেমি। তৃতীয় ও শেষ গোলটি আসে ৬৯ মিনিটে পেনাল্টি থেকে। গোলটি করেন এইউ। ঘরের মাঠ স্তাদিও গুইসেপ্পে মেয়াজ্জায় খেলার ৫৩ মিনিটে পেনাল্টি পায় মিলান। জলাতন ইব্রাহিমোভিচ গোল করে এগিয়ে নেন দলকে। দলের জয় নিশ্চিত করেন অ্যান্তোনিও ক্যসানো, ৬৬ মিনিটে। সেন্ট পিটার্সবার্গে খেলার ১০ মিনিটে জেমস রড্রিগুয়েজের গোলে এগিয়ে গিয়েও হার মানতে হয় পোর্তোকে। ১৯ মিনিটে জেনিতকে খেলায় ফেরান রোমান শিরোকোভ। দলকে এগিয়েও নেন তিনি, ৬৩ মিনিটে। ৭২ মিনিটে জয়ের ব্যবধান বাড়ান ড্যানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৫ ঘ.