২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওজনিয়াকির বিদায়, জিতেছেন শারাপোভা

প্যান প্যাসিফিক ওপেনের তৃতীয় পর্ব থেকেই বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। হেরে গেছেন আনা ইভানোভিচও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 05:11 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্যান প্যাসিফিক ওপেনের তৃতীয় পর্ব থেকেই বিদায় নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। হেরে গেছেন আনা ইভানোভিচও। তবে কোয়ার্টার ফাইনালে উঠেছেন মারিয়া শারাপোভা, ভেরা জভোনারেভা, পেত্রা কেভিতোভা, মারিয়ন বার্তোলি, আগনিয়েস্কা রাদওয়ানস্কা ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। মেয়েদের র‌্যাঙ্কিংয়ের ৪৩ নম্বর খেলোয়াড় এস্তোনিয়ার কাইয়া কানেপি ৫-৭, ১-৬, ৬-৪ গেমে হারান র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে থাকা ডেনমার্কের ওজনিয়াকিকে। ম্যাচ শেষে ওজনিয়াকি বলেন, "আমি দ্বিতীয় সেট ও তৃতীয় সেটের শুরুতে ভালো খেলেছি। কিন্তু তার পর কিছুই আর ঠিকমত হচ্ছিলো না। কাইয়া আজ (বুধবার) খুব ভালো খেলেছে।" কোয়ার্টার ফাইনালে কানেপি খেলবেন পোল্যান্ডের রাদওয়ানস্কার বিপক্ষে। এদিকে রাশিয়ার মারিয়া কিরিলেঙ্কো ৬-৩, ৬-১ গেমের সহজ জয় পান সাবেক র‌্যাঙ্কিং-সেরা সার্বিয়ার আনা ইভানোভিচের বিপক্ষে। কিরিলেঙ্কো মঙ্গলবার ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন সামান্থা স্টোসুরকে বিদায় করে দেন। কোয়ার্টার ফাইনালে কিরিলেঙ্কোর প্রতিপক্ষ রাশিয়ার জভোনারেভা। শারাপোভা মুখোমুখি হবেন কেভিতোভার। উইম্বলডন ফাইনালের পর প্রথম বারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন তারা। শারাপোভাকে হারিয়েই জীবনের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের কেভিতোভা। অন্য কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বার্তোলি খেলবেন বেলারুশের আজারেঙ্কার সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৫৪ঘ.