ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ফুটবল লিগের প্রথম আসরে পুল প্রথা থাকলেও আগামীতে তা থাকবে না। বুধবার এ কথা জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।
পুলে ৩১ জন খেলোয়াড়কে রাখা হয়েছে। প্রতিটি ক্লাব পুল থেকে সর্বোচ্চ ছয়জন খেলোয়াড়কে নিতে পারবে। পুলে বেশি খেলোয়াড় রাখার অভিযোগে লিগ শুরু হওয়ার কয়েক দিন আগে নাম প্রত্যাহার করে নেয় আবাহনী।
তাই আবাহনীকে ছাড়াই মাঠে গড়ায় প্রথম মহিলা ফুটবল লিগ।
জাতীয় দলে সর্বশেষ খেলা ফুটবলারদের না রেখে গত বছর ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় বা সাউথ এশিয়ান (এসএ) গেমসের তালিকা দেখে পুল নির্ধারণ করেছে বাফুফে। তাই পুলের তালিকাটা বেশ প্রশ্নবিদ্ধ ছিল।
এ ব্যাপারে লিগ শুরু হওয়ার আগে অনেক বিতর্ক হয়েছে। তাই পুল প্রথাই আর রাখতে চাইছেন না সালাউদ্দিন। তিনি বলেন, "পুল প্রথা আর থাকছে না। আগামী মৌসুমেই এটা উঠে যাবে।"
তবে পুল প্রথার কারণেই আবাহনী খেলেনি এমন অভিযোগ অস্বীকার করেন তিনি। সালাউদ্দিন বলেন, "আবাহনী খেলেনি কারণ তারা খেলতে চায়নি। এটাই মূল কারণ। পুলের কারণে তারা খেলেনি এটা বললে ভুল হবে।"
বাফুফে সভাপতি সাংগঠনিক দুর্বলতার কথাও স্বীকার করেন। তিনি বলেন, "প্রথমবারের মতো কিছু করতে গেলে খানিকটা ভুল-ত্রুটি হবেই। আলোচনায় বসলেই পুল সমস্যার সমাধান করা যেতো। যা হোক, আগামীতে আমরা আর এমন সমস্যা হতে দেবো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৪৫ ঘ.
bdnews24