২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেভেজকে দলে দেখতে চান না মানচিনি

ম্যানচেস্টার সিটির হয়ে শেষ ম্যাচটি মনে হয় খেলে ফেলেছেন কার্লোস তেভেজ। মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকার করায় ভীষণ রেগে গেছেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। তেভেজকে আর দলেই দেখতে চান না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 07:12 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির হয়ে শেষ ম্যাচটি মনে হয় খেলে ফেলেছেন কার্লোস তেভেজ। মঙ্গলবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকার করায় ভীষণ রেগে গেছেন ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনি। তেভেজকে আর দলেই দেখতে চান না তিনি। চ্যাম্পিয়ন্স লিগে মিউনিখের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড়কে বদলি হিসেবে খেলাতে চেয়েছিলেন মানচিনি। কিন্তু মাঠে নামতে অস্বীকার করেন তিনি। খেলা শেষে মানচিনি সাফ জানিয়ে দেন, "আমি যদি আমার পথে হাঁটি, তাহলে তেভেজ আর আমার পাশে থাকবেন না। আমার সঙ্গে তার পথ চলা এখানেই শেষ।" ক্লাবের মালিক পক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন বলে উল্লেখ করে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার ভার তিনি তাদের ওপর ছেড়ে দেবেন। মানচিনির মন্তব্য সম্পর্কে স্কাই স্পোর্টসের পক্ষ থেকে তেভেজের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন মানচিনিই। গত মৌসুমে তেভেজের নেতৃত্বে এফএ কাপ জেতে ম্যান সিটি। ১৯৭৬ সালের পর এটিই ছিল দলটির বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জয়। ২৭ বছর বয়সী আক্রমণভাগের এই খেলোয়াড় পরিবারের কাছাকাছি থাকার জন্য ম্যান সিটি ছেড়ে চলে যেতে চেয়েছিলেন জানুয়ারিতে। দলবদলের মৌসুমে আবারো অন্য দলে যাওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু ম্যান সিটি ৫০ মিলিয়ন পাউন্ড দর হাঁকায় কিনতে আগ্রহী সব দলই পিছিয়ে পড়ে। তেভেজের স্ত্রী ও দুই কন্যা বসবাস করেন আর্জেন্টিনায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১২৫৭ ঘ.