ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার জিতেছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান, নাপোলি, বেনফিকা ও অলিম্পিক লিয়ঁ। এছাড়া ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে ত্রাবজোন্সপোর ও লিলের খেলা। আর অঘটন ঘটিয়েছে বাসেল। ৩-৩ গোলে ঠেকিয়ে দিয়েছে তারা গতবারের রানার্সআপ ম্যানচেস্টার ইউনাইটেডকে।
মিউনিখ ২-০ গোলে ম্যানচেস্টার সিটিকে, একই ব্যবধানে নাপোলি ভিলারিয়ালকে, ইন্টার ৩-২ গোলে সিএসকেএকে, বেনফিকা ১-০ গোলে ওতেলুল গালাতিকে, রিয়াল ৩-০ গোলে আয়াক্স আমস্টার্ডামকে ও লিয়ঁ ২-০ গোলে হারিয়েছে ডায়নামো জাগারেবকে।
ক্রিস্টিয়ানো রোনালদো, কাকা ও করিম বেনজেমার গোলে আয়াক্সের বিপক্ষে সহজেই জিতেছে রিয়াল। টানা দুই জয়ের ফলে গ্র"প ডি-এর পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গেল স্পেনের দলটি।
সান্তিয়াগো বার্নাব্যুতে অতিথি হয়ে খেলতে গিয়ে শুরুতেই আক্রমণে যায় আয়াক্স। দুই মিনিটের মধ্যেই বুকে প্রায় কাঁপন ধরিয়ে দিয়েছিল ৬৭ হাজার স্বাগতিক সমর্থকদের বুকে। ডান প্রান্ত থেকে বক্সের কিছুটা বাইরে বল পেয়ে ভাগ্য পরীক্ষা করেন ডের্ক বোয়েরিগটার। তার মাটি ঘেঁঘা শট চমৎকার দক্ষতায় রক্ষা করেন গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।
প্রথমার্ধের মাঝামাঝি সময় পর্যন্ত খেলা নিজেদের নিয়ন্ত্রণেই রাখে আয়াক্স। কিন্তু পাল্টা আক্রমণ থেকে ২৫ মিনিটে রোনালদোর গোল করার পরই পাল্টে যায় খেলার চিত্র। রিয়াল ভালোভাবেই চেপে ধরে আয়ক্সকে। সেই চাপ ভেঙে আর বেরিয়ে আসতে পারেনি ওলন্দাজ দলটি।
নিজেদের সীমান্ত থেকে পাল্টা আক্রমণের সূচনা করেন মেসুত ওজিল। এরপর রোনালদো, কাকা, আবার ওজিল ও বেনজেমা বল দেয়া-নেয়া করে ঢুকে পড়েন প্রতিপক্ষের বিপদ সীমানায়। সব শেষে বক্সের মধ্যে বল পেয়ে যান রোনালদো। সঙ্গে সঙ্গে নেন তীব্র শট। বলটি ঠেকানোর উত্তর জানা ছিল না আয়াক্স গোল রক্ষকের।
তারপরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আয়াক্স। যদি গোল শোধ করে জয় পাওয়া যায়। কিন্তু বার্নাব্যু থেকে জিতে বাড়ি ফেরার স্বপ্ন ভেঙে দেন কাকা, ৪১ মিনিটে গোল করে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো পাল্টা-আক্রমণ থেকে গোল করে রিয়াল। হাবি আলন্সো দূর থেকে লম্বা করে বল দেন বাঁ প্রান্তে আলভারো আরবেলোয়াকে। বলটি ধরেই রক্ষণভাগের এই খেলোয়াড় আড়াআড়িভাবে তা ঠেলে দেন কাকাকে। আর কাকা এমনভাবে বল বানিয়ে দেন যে বেনজেমার গোল করতে কোনো অসুবিধাই হয়নি।
এই খেলায় জেতায় রিয়ালের পয়েন্ট দাঁড়ালো ৬-এ। আয়াক্সের ১। ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারানোয় লিয়ঁ'র ৪। আর জাগরেবের ঝুলিতে এখনো জমা পড়েনি কোনো পয়েন্ট।
নিজেদের মাঠে মারিও গোমেজের জোড়া গোলে ম্যান সিটিকে হারিয়েছে মিউনিখ। প্রথম গোলটি করেন তিনি ৩৮ মিনিটে ও দ্বিতীয়টি ৪৫ মিনিটে। ইংল্যান্ডের দলটির গোলরক্ষক জো হার্টের ঠেকানো বল দু'বারই পায়ে এসে পড়ে গোমেজের। আর দু'বারই কোনো ভুল করেননি তিনি।
টানা দুই খেলায় জেতায় এ গ্র"পে মিউনিখের পয়েন্ট এখন ৬। ভিয়ারিয়ালকে হারানোয় নাপোলির পয়েন্ট ৪। বহু অর্থ-কড়ি খরচ করে দল বানানো ম্যান সিটির ঝুলিতে জমা পড়েছে মাত্র ১ পয়েন্ট। আর কোনো পয়েন্টের মুখ দেখার সৌভাগ্য এখনো হয়নি ভিয়ারিয়ালের।
তবে অঘটন ঘটে ওল্ড ট্র্যাফোর্ডে। দুই গোলে এগিযে গিয়েও বাসেলের কাছে হারতে বসেছিল ম্যন ইউ। শেষ মুহূর্তে (৯০ মিনিট) গোল করে চূড়ান্ত ভরাডুবির হাত থেকে দলকে রক্ষা করেন অ্যাশলে ইয়াং।
খেলার ১৬ ও ১৭ মিনিটে ম্যান ইউকে এগিয়ে নেন ড্যানি ওয়েলবেক। ৫৮ ও ৬০ মিনিটে বাসেলকে খেলায় ফেরান ফ্যাবিয়ান ফ্রেই ও আলেক্সান্ডার ফ্রেই। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আলেক্সজান্ডারই আবার দলকে এগিয়ে নিয়েছিলেন।
মস্কোয় ইন্টারের পক্ষে গোল করেন লুসিও ৬ মিনিটে, গিয়ামপাওলো পাজ্জিনি ২৩ মিনিটে ও মাউরো জারাতে ৭৯ মিনিটে। সিএসকেএর হয়ে গোল দু'টো করেন অ্যালান দজাগোয়েভ ও ভ্যাগনার লাভ যথাক্রমে ৪৭ (৪৫ ২) ও ৭৭ মিনিটে।
নাপোলির সান পাওলোয় স্বাগতিকদের পক্ষে গোল দু'টো করেন মারেক হ্যামসিক ১৪ মিনিটে। তিন মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ন ইদিনসন কাভানি।
ত্রাবজোন্সপোরের মাঠে মুসা সো'র গোল লিল এগিয়ে যায় ৩০ মিনিটে। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল শোধ করেন গুস্তাভো কোলম্যান।
বেনফিকার পক্ষে ৪০ মিনিটে জয়সূচক গোলটি করেন ব্র"নো সিজার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০১৬ ঘ.
bdnews24