ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিরতি প্রীতি ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা।
খেলাটি হবে উত্তর ব্রাজিলের শহর বেলেমে।
১৪ সেপ্টেম্বর আর্জেন্টিনার কর্দোবায় অনুষ্ঠিত প্রথম খেলাটি গোলশূন্য ছিলো।
ওই ম্যাচে দলের তারকা খেলোয়াড়দের মাঠে না নামিয়ে তরুণদের সুযোগ দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া। বৃহস্পতিবারের ম্যাচেও তরুণ খেলোয়াড়দের মাঠে নামাবেন তিনি। এছাড়া তার ২৩ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন আন্দ্রেস দি আলেসান্দ্রো ও ওয়ালতের মনতিল্লো।
ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর খেলোয়াড় মনতিল্লোর জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচ হতে পারে এটি।
আলেসান্দ্রোও ব্রাজিলের আরেক ক্লাব ইন্তারনাসিওনালে খেলেন।
তবে চোটের কারনে বাদ পড়েছেন আগের ম্যাচে খেলা মাউরো বোসেল্লি ও হুয়ান ম্যানুয়েল। তাদের জায়গা নিতে পারেন গ্যাব্রিয়েল হাউচে ও লুকাস ভিয়াত্রি। বার্সেলোনার জুনিয়র দলে খেলেন ভিয়াত্রি।
এদিকে ব্রাজিল দলে ডাক পেয়েছেন দিয়েগো সুজা ও হার্নানেস।
তবে এসি মিলানের ফরোয়ার্ড আলেজান্দ্রে পাতোকে চোটের কারণে পাচ্ছে না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এক সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ মানো মেনেজেস বলেন, "আর্জেন্টিনার বিপক্ষে জয়ই একমাত্র কাম্য। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে শুধু জয়ই হিসাব করা হয়। তবে সুন্দর ফুটবল উপহার দেয়াও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।"
আর্জেন্টিনার আগে দুটো প্রীতি ম্যাচে ব্রাজিল ১-০ গোলে ঘানাকে হারালেও জার্মানির কাছে ৩-২ গোলে হেরে গেছে।
অন্যদিকে আর্জেন্টিনা ৩-১ গোলে নাইজেরিয়াকে ও ১-০ গোলে ভেনিজুয়েলাকে হারিয়েছে।
আগামী ৭ অক্টোবর বিশ্বকাপের বাছাইপর্বে চিলি ও চার দিন পর ভেনিজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
তার আগে ব্রাজিলের সঙ্গে ম্যাচ দুটো আর্জেন্টিনার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেই মনে করেন সাবেইয়া।
এর আগে ৮৯ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। হার-জিতের হিসাবে কেউ এগিয়ে নেই। দু দলই ৩৩টি করে ম্যাচ জিতেছে। বাকি ২৩টি খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২২৩৩ঘ.
bdnews24